'নাসিরনগরের পরিস্থিতি শান্ত'
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পরিস্থিতি যথেষ্ট শান্ত বলে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) রেজওয়ানুর রহমান। গতকাল শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।
নিজ কার্যালয়ে মতবিনিময়ে জেলা প্রশাসক বলেন, নাসিরনগরের হামলার শিকার ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের লোকজন ঘরবাড়ি নির্মাণ করছেন। ইতিমধ্যে মন্দিরে থাকা প্রতিমা বিসর্জনও দেওয়া হয়েছে। প্রশাসন ও পুলিশ সদস্যরা নাসিরনগরে সার্বক্ষণিক কাজ করছেন। জেলা প্রশাসনের তদন্ত প্রসঙ্গে রেজওয়ানুর রহমান বলেন, তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। তবে কবে জমা দেওয়া হবে ও তদন্তে কী পাওয়া গেছে, তা প্রকাশ করেননি জেলা প্রশাসক।
ত্রাণ বিতরণ: উপজেলা সদরের ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবার ও হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের ৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্যোগে গতকাল ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ৩০০টি শাড়ি, ৩০০টি কম্বল, দেড় মেট্রিক টন চাল, ৩০০ কেজি ডাল, ১৫০ কেজি করে চিনি ও তেল। হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনের সহসম্পাদক স্বামী কৃপারুপানন্দের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রাণ দেওয়া হয়।
গত ৩০ অক্টোবর ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে নাসিরনগর উপজেলায় মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর কয়েক দফায় হিন্দুদের পরিত্যক্ত গোয়ালঘর, রান্নাঘরসহ পারিবারিক মন্দিরে অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় এখন পর্যন্ত ছয়টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৯১ জনকে।