'নাসিরনগরের শতাধিক মানুষকে হত্যা করেন কায়সার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রোববার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৬তম সাক্ষী আবদুল মতিন ওরফে জামাল (৬৪)। জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরে কায়সার তাঁর বাহিনী নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ২২ গ্রামে হামলা চালিয়ে শতাধিক মানুষকে হত্যা করেন।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ আবদুল মতিনের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। জামিনে থাকা কায়সার এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।

জবানবন্দিতে আবদুল মতিন জানান, তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের গুনিয়াউক গ্রামে। কায়সারকে তিনি আগে থেকেই চিনতেন। একাত্তরের ২৬ মার্চের পর কায়সার তাঁর মামার বাড়িতে মামা মঞ্জুর আলী, ভাতিজা মুহফুজ আলী, মাশুক আলী এবং নাতি কামাল ও সমমনাদের নিয়ে পাকিস্তান রক্ষার নামে সভা-মিছিল করতেন ও স্বাধীনতাকামীদের ভয় দেখাতেন।

আবদুল মতিন বলেন, একাত্তরের ১৫ এপ্রিলের আগে সমমনা ব্যক্তিদের নিয়ে শান্তি কমিটি গঠন করেন কায়সার। তিনি ছিলেন শান্তি কমিটির প্রধান পৃষ্ঠপোষক। পাকিস্তানি সেনাদের সহযোগিতার জন্য মাধবপুর ও নাসিরনগরে ৪০০-৫০০ অনুসারী নিয়ে ‘কায়সার বাহিনী’ নামের একটি সশস্ত্র বাহিনী গঠন করে তিনি। এই বাহিনী স্বাধীনতাকামী মানুষদের ভয়ভীতি দেখাত। হিন্দু সম্প্রদায়ের লোকদের বাড়িতে আক্রমণ, লুটপাট ও অগ্নিসংযোগ করত।

রাষ্ট্রপক্ষের এই সাক্ষী জানান, একাত্তরের ২৩ জুন সকালে কায়সার তাঁর বাহিনীর ৪০-৫০ জনকে নিয়ে হরিপুর গ্রামের গোলাম নূরের বাড়িতে যান। নূরকে বাড়িতে না পেয়ে তাঁর বাবা গোলাম রসুল, ভাই রউফ, মা ও ভাবিকে নির্যাতন করেন তাঁরা। বাড়িতে লুটপাট, অগ্নিসংযোগও করা হয়। পরে তিনি (মতিন) লুকিয়ে দেখেন, কায়সার তাঁর বাহিনী নিয়ে রউফকে চোখ-হাত বেঁধে নিয়ে যাচ্ছেন। পথে কায়সার তাঁর বাহিনী নিয়ে গুটমা গ্রামের বাদল কর্মকারের বাড়িতে আক্রমণ চালান। সেখানেও লুটপাটের পর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় বাদলের ভাই গিবেন্দ্র ও রউফকে গাছে বেঁধে রাখে কায়সার বাহিনী। সেখান থেকে কায়সার বাহিনী আওয়ামী লীগের নেতা সায়েদুল হকের (বর্তমান মন্ত্রী) বাড়ির আটটি পরিবারের ৩২টি ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

জবানবন্দিতে আবদুল মতিন জানান, কায়সারের এসব কার্যক্রমের একপর্যায়ে তিনি (মতিন) ভারতে গিয়ে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নেন। এরপর একটি দল নিয়ে এলাকায় ফিরে আসে। একাত্তরের ১৪ নভেম্বর তাঁরা খবর পান, মঞ্জুর আলীর বাংলোতে সমমনা লোকদের নিয়ে একটি সভা করেন কায়সার। ওই সভায় নাসিরনগরসহ বিভিন্ন এলাকায় অভিযানের চালানোর পরিকল্পনা করা হয়। পরের দিন ১৫ নভেম্বর তাঁরা দেখেন, গুটমা গ্রাম থেকে উত্তর দিকের রাস্তায় ৪০-৫০ জনকে নিয়ে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়ে এগিয়ে আসছেন কায়সার।

জবানবন্দিতে আবদুল মতিন জানান, পাশে একটি শ্মশানে লুকিয়ে থাকার সময় বুরুঙ্গা গ্রাম থেকে গুলির শব্দ পান ও ধোঁয়া দেখেন তিনি। গুলি থামার পরে তিনি সঙ্গীদের নিয়ে চিতনা, বুরুঙ্গা, গুটমা, নিশ্চিন্তপুর ও দাউড়া গ্রামের ধ্বংসযজ্ঞ দেখেন। তাঁরা হিসাব করেন, ওই পাঁচ গ্রামে ৩১ জনকে হত্যা করা হয়েছে। এ সময় তাঁরা লক্ষ্মীপুর গ্রামের রমিজ আলীর বাড়িতে মুক্তিযোদ্ধাদের কাছে শোনেন, নাসিরনগর থানার ২২টি গ্রামে হামলা চালিয়ে কায়সার তাঁর বাহিনীকে নিয়ে প্রায় শতাধিক মানুষ হত্যা করেছে।

জবানবন্দিতে মতিন জানান, কায়সারকে ধরার জন্য ৭ ডিসেম্বর তাঁর বাড়িতে যান তিনি। কিন্তু গিয়ে শোনেন, কায়সার পালিয়ে গেছেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি জানতে পারেন, কায়সার লন্ডনে পালিয়ে গেছেন। ১৯৭৯ সালে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর কায়সার দেশে ফেরেন।

জবানবন্দির শেষ পর্যায়ে ট্রাইব্যুনালে থাকা কায়সারকে শনাক্ত করেন আবদুল মতিন। পরে এ মামলার কার্যক্রম কাল সোমবার পর্যন্ত মুলতবি করা হয়।