বরিশালে হেফাজতে ইসলাম আয়োজিত বিভাগীয় সমাবেশে বক্তারা বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ‘নাস্তিক’ ব্লগারদের রক্ষার ষড়যন্ত্র করছে। সংসদে বিশেষ আইন করে ‘নাস্তিক’ ব্লগারদের শাস্তি দিতে হবে।গতকাল বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটা থেকে সোয়া পাঁচটা পর্যন্ত নগরের ফজলুল হক অ্যাভিনিউয়ে হেফাজতে ইসলাম বরিশাল বিভাগীয় কমিটির আয়োজনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনটির দেওয়া ১৩ দফাকে ইমান রক্ষার দাবি উল্লেখ করে বক্তারা বলেন, ১৩ দফা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দাবি। আগামী নির্বাচন হবে ১৩ দফার নির্বাচন। ১৩ দফা উপেক্ষা করলে কেউ ক্ষমতায় থাকতে পারবে না। কেউ ক্ষমতায় বসতেও পারবে না।সমাবেশে সংগঠনটির ঢাকা মহানগরের সদস্যসচিব মাওলানা মঈনুদ্দীন রুহী বলেন, দেশবদলের কথা বলে ক্ষমতায় এসে সরকার এখন ইমান বদলের চেষ্টা চালাচ্ছে। ক্ষমতায় থাকতে চাইলে ১৩ দফা মেনে নিতে হবে। তা না হলে এক দফার আন্দোলন শুরু হবে। মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হলে সংবিধান পরিবর্তন করে ১৩ দফা মানতে হবে। শায়খুল আলম বলেন, ব্লাসফেমি আইন চালু না করলে বাংলাদেশ শান্ত হবে না। নারী-পুরুষ সহাবস্থান মেনে নেওয়া হবে না। মুফতি হাবিবুর রহমান বলেন, ১৩ দফা দাবি বাস্তবায়িত না করে তাঁরা ঘরে ফিরবেন না। নাস্তিকদের বিচার না করলে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে তৌহিদি জনতা পদত্যাগ করতে বাধ্য করবে। হেফাজতে ইসলামের বরিশাল বিভাগীয় কমিটির আহ্বায়ক মাওলানা ওবায়দুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগরের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাওলানা নূর হোসেন কাশেমী। আরও বক্তব্য দেন আবদুল হামিদ, আবদুল লতিফ, সৈয়দ মজিবুর রহমান, আবুল হাসানাত আমীরী, আশ্রাফ আলী নিজামপুরী, ওবায়দুল্লাহ কাশেমী, যুগ্ম সদস্যসচিব মাহমুদুল হাসান ফতেপুরী, মো. জাফরুল্লাহ, আবদুর রব ইউসূফী প্রমুখ।চট্টগ্রামে গণসংযোগ: আগামী ৫ মে ঢাকা অবরোধ ও ২৬ এপ্রিল চট্টগ্রামের শানে রেসালাত মহাসমাবেশ সফল করতে গতকাল বৃহস্পতিবার নগরের দামপাড়ায় অবস্থিত একটি মাদ্রাসায় হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া উভয় কর্মসূচি সফল করতে গতকাল নগরের হালিশহরে জনসংযোগ করেন সংগঠনের নেতা-কর্মীরা। হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী প্রস্তুতি সভা ও গণসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।