‘নাস্তিক’ ব্লগারদের শাস্তি দাবি করে ইসলামী আন্দোলনের স্মারকলিপি
কথিত নাস্তিক ব্লগারদের গ্রেপ্তার ও তাদের শাস্তিসহ আরও কিছু দাবিতে গতকাল বুধবার বিকেলে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দাবি না মানলে এক দফার আন্দোলনে নামার হুমকি দিয়েছে চরমোনাই পীরের এই দলটি। গতকাল বিকেলে রাজধানীর পুরানা পল্টনে হাউস বিল্ডিং ভবনের গলিতে এক সমাবেশে ইসলামী আন্দোলনের নেতারা এই হুমকি দেন। তাঁরা বলেন, ‘অবিলম্বে নাস্তিক ব্লগারদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রধানমন্ত্রী আমাদের কথা না শুনলে “এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি” স্লোগান দিয়ে রাজপথে নামতে বাধ্য হব।’সমাবেশে ইসলামী আন্দোলনের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব ইউনূস আহমাদ, দলের ঢাকা কমিটির মহানগর সভাপতি এ টি এম হেমায়েত উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।সমাবেশ শেষে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল স্পিকার আবদুল হামিদকে স্মারকলিপি দেয়। স্মারকলিপিতে সংবিধানের মূলনীতিতে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ কথাটি পুনঃস্থাপন, নৈরাজ্য ও হত্যাযজ্ঞ বন্ধ করা, সংখ্যালঘুদের বাড়ি ও উপাসনালয়ে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি করা হয়।