'নাস্তিক' লেখা বন্ধে মৃত্যুদণ্ড আইন চায় ওলামা লীগ
বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখকে ‘হারাম’ বলে আখ্যায়িত করেছে আওয়ামী ওলামা লীগ। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় এক মানববন্ধনে ওলামা লীগসহ ১৩টি ইসলামপন্থী সংগঠন ‘নাস্তিক’ ব্লগারদের ব্যবহৃত সব ব্লগ ও ওয়েবসাইট অবিলম্বে বন্ধসহ ১৭ দফা দাবিও জানিয়েছে। একই সঙ্গে তারা ‘নাস্তিক’ ব্লগারদের হত্যাকারীদের খুঁজে বের করা এবং ধর্মে অবমাননার জন্য মৃত্যুদণ্ডের আইন চেয়েছে।
মানববন্ধনের পর ওলামা লীগের সাধারণ সম্পাদক কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইসলামবিদ্বেষীরা প্রতিবছর কোরবানির পশুর হাট নিয়ে অপপ্রচার করে। অথচ পয়লা বৈশাখে সারা বাংলাদেশের সবচেয়ে মুমূর্ষু রোগীদের পাঠানো স্থান ঢাকা মেডিকেল, পিজি হাসপাতালে ও বারডেমসহ গুরুত্বপূর্ণ হাসপাতালে আগত সবগুলো রাস্তাই ব্যারিকেড দিয়ে আটকানো থাকে। চতুর্দিকে থাকে হারাম বৈশাখপ্রেমী অজস্র মানুষের ভিড়।’
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রগতিশীল, বুদ্ধিজীবী ও মুক্তমনার লেভেলে নাস্তিকবাদীদের ব্যাপক পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। নাস্তিক্যবাদীরা পেপার-পত্রিকা, বইপত্র, সোশ্যাল মিডিয়া, অনলাইন সর্বত্রই প্রকাশ্যে পবিত্র ইসলাম ধর্মের কুৎসা রটনা করছে।’ ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বর্তমান পাঠ্যপুস্তকে কট্টর ইসলামবিরোধী ও নাস্তিক লেখকদের লেখাকে প্রাধান্য দেওয়া হয়েছে।’ বিজ্ঞপ্তিতে জাতীয় শিক্ষানীতি কমিটির চেয়ারম্যান কবীর চৌধুরী (প্রয়াত), কো-চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ, সদস্য জাফর ইকবাল, অধ্যাপক নিতাই চন্দ্র সূত্রধরকে কট্টর ইসলামবিদ্বেষী ব্যক্তি বলে আখ্যায়িত করা হয়েছে।