'না' ভোট যুক্ত করতে আরপিওতে কেন সংশোধনী নয়?
‘না’ ভোটের বিধান সংযোজনে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) প্রয়োজনীয় সংশোধনী আনতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবসহ বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আজ রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন। গণপ্রতিনিধিত্ব আদেশে না ভোটের বিধান সংযোজনের নির্দেশনা চেয়ে গত সপ্তাহে দুই আইনজীবী রিট আবেদনটি করেন।
আদালতে রিটের পক্ষ শুনানি করেন রেদোয়ান আহমেদ রানজীব। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ‘না’ ভোটের বিধান চালু আছে। ২০০৯ সালে গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনী প্রস্তাবনায় এই বিধানটি ছিল। পরে তা বাদ দেওয়া হয়। এ কারণে বিধানটি সংযোজন করার জন্য রিটটি করা হয়েছে। আদালত দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলেছেন।