'নিখোঁজ' ছাত্রদল নেতার সন্ধান দাবিতে পরিবারের অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনারের সন্ধান দাবিতে এবার পরিবারের সদস্যরা মাঠে নেমেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে একটা পর্যন্ত নগরের কেন্দ্রস্থলের কোর্ট পয়েন্টে পরিবারের সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করে তাঁর সন্ধান দাবি করেছেন।
অবস্থান কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা একাত্ম হয়ে ইফতেখার আহমদের সন্ধান দাবি করেন।
ছাত্রদলের নেতা ইফতেখার আহমদ সিলেটের ছাত্ররাজনীতির অঙ্গনে পরিচিত মুখ ছিলেন। ২০১২ সালের ৩ এপ্রিল ঢাকার উত্তরা এলাকা থেকে তিনি ‘নিখোঁজ’ হন। তাঁর নিখোঁজের পরপরই বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী সিলেটে সংবাদ সম্মেলন করে ইফতেখারকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘গুম’ করেছে বলে অভিযোগ করেন। এরপর ১৭ এপ্রিল ঢাকার বনানী এলাকা থেকে এম ইলিয়াস আলীও গাড়িচালকসহ ‘নিখোঁজ’ হন।
সিলেটের বিএনপি নেতারা ঘটনা পৃথক হলেও ‘গুম’ হওয়া এ দুটো ঘটনার যোগসূত্র একই বলে মনে করছেন। তাঁদের রাজনৈতিক কারণে ‘গুম’ করা হয়েছে দাবি করে পরিবারের সদস্যরা সন্ধান দাবিতে দলের বাইরেও নানা রকম কর্মসূচি অব্যাহত রেখেছেন। ৩০ মাস পরও ইফতেখারের কোনো সন্ধান না পাওয়ায় গত ২৭ সেপ্টেম্বর থেকে পরিবারের সদস্যরা তাঁদের গ্রামের বাড়ি গোলাপগঞ্জে এক দফা অবস্থান কর্মসূচি পালন করে গতকাল নগরে অনুরূপ কর্মসূচি পালন করে ইফতেখার আহমেদের সন্ধান দিতে সরকারের প্রতি আহ্বান জানান।