চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৫ জানুয়ারি যৌথ বাহিনীর অভিযানের পর ‘নিখোঁজ’ আবু তাহের ও মোজাম্মেল হককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। বাহিনীটির এক বিবৃতিতে বলা হয়েছে, চারটি ককটেলসহ কুষ্টিয়া থেকে গত বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
তবে ১৫ জানুয়ারির ওই অভিযানের পর তাহের ও মোজাম্মেলের বাবা অভিযোগ করেছিলেন, অভিযানের সময় তাঁদের ছেলেদের আটক করে র্যা ব।
আবু তাহের শিবগঞ্জের বাজিতপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে। আর মোজাম্মেল একই উপজেলার কলাবাড়ি গ্রামের মহসিন আলীর ছেলে।
গতকাল শুক্রবার র্যাব-১২-এর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আবু সাঈদের নেতৃত্বে র্যাবের একটি দল কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ভাদালিয়া বাজার এলাকা থেকে চারটি ককটেলসহ আবু তাহের ও মোজাম্মেলকে গ্রেপ্তার করে। তাঁরা মহাসড়কে নাশকতা করার জন্য সেখানে অবস্থান করছিলেন। তাঁদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা করা হয়েছে।
তবে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও শিবগঞ্জ আসনের সাবেক সাংসদ শাহজাহান মিঞা প্রথম আলোকে বলেন, ‘এটি র্যাবের বানোয়াট গল্প। ১৫ জানুয়ারি অভিযানের সময় এই দুজনসহ পাঁচজনকে আটক করে র্যাব। ঘটনাটি তাঁদের পরিবারের লোকজনসহ অনেকেই দেখেন। এঁদের মধ্যে মতিউর রহমান নামে ছাত্রদলের স্থানীয় এক নেতা র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন এবং দুজনকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়। আর আবু তাহের ও মোজাম্মেলের খোঁজ এত দিন পাওয়া যায়নি।’ এ দুজন বিএনপির সমর্থক ও স্থানীয় জিয়া পরিষদের সদস্য বলে দাবি করেন শাহজাহান মিঞা।
এ ছাড়া তাহের ও মোজাম্মেলের বাবা মজিবুর রহমান ও মহসিন আলীও অভিযোগ করেন, যৌথ বাহিনীর অভিযানের দিন বিকেল পৌনে চারটার দিকে বাজিতপুর গ্রামের একটি বেগুনের খেত থেকে ছাত্রদলের নেতা মতিউর রহমানের সঙ্গে আবু তাহের ও মোজাম্মেলকেও আটক করে র্যা ব। তবে বিষয়টি র্যা ব অস্বীকার করে। এ নিয়ে ২৭ জানুয়ারি প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হয়।