'নিখোঁজ' বিজ্ঞাপন প্রচারের পর তাজউদ্দিনের মায়ের জিডি
প্রায় তিন বছর ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ নেই লক্ষ্মীপুর সদর উপজেলার এ টি এম তাজউদ্দিন কাউছারের। তাঁর মা স্কুলশিক্ষিকা তাহেরা বেগম জানেন ছেলে অস্ট্রেলিয়ায় রয়েছেন। কিন্তু রাজধানীর গুলশানে রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর বিভিন্ন টেলিভিশনে ‘নিখোঁজ’ থাকা ১০ যুবকের ছবিসহ বিজ্ঞাপন প্রচার করা হয়। গত শনিবার রাতে লক্ষ্মীপুর সদর থানায় ছেলের সন্ধান চেয়ে জিডি করেছেন তাজউদ্দিনের মা।
লক্ষ্মীপুর সদর উপজেলার আটিয়াতলী গ্রামের মৃত আবদুল্লাহ ভূঁইয়ার ছেলে তাজউদ্দিন। জিডিতে উল্লেখ করা হয়েছে, ২০০৬ সালে স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়া যান তাজউদ্দিন। ২০০৮ সালে অস্ট্রেলিয়ায় এক তরুণীকে বিয়ে করে সে দেশের নাগরিত্ব পান তিনি। ২০১৩ সালে শেষবার বাড়ি এসে অসুস্থ বাবাকে দেখে আবার অস্ট্রেলিয়া চলে যান তিনি। এরপর থেকে পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ করেননি তাজউদ্দিন। তাঁর মুঠোফোনটিও বন্ধ।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।