'নিখোঁজ' মুছার জন্য ৫ লাখ টাকা পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদা খানম হত্যা মামলা
মাহমুদা খানম হত্যা মামলা

তিন মাস ধরে পুলিশ বলে আসছে, ‘নিখোঁজ’ কামরুল শিকদার ওরফে মুছাকে গ্রেপ্তার করা গেলে মাহমুদা খানম হত্যারহস্যের জট খুলবে। অন্যদিকে মুছার স্ত্রী দাবি করে আসছেন, পুলিশ ধরে নিয়ে গেছে মুছাকে। পাল্টাপাল্টি এই বক্তব্যের মধ্যে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগর পুলিশ মুছাকে ধরিয়ে দিতে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। নিহত মাহমুদা খানম সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী।
চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার গতকাল দুপুরে তাঁর কার্যালয়ের সম্মেলনকক্ষে পূজা ও ইংল্যান্ড দলের খেলাকে ঘিরে নিরাপত্তাব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দেন।
গত ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় মাহমুদা খানমকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন।
সংবাদ সম্মেলনে ইকবাল বাহার বলেন, মাহমুদা হত্যা মামলায় সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন আদালতে জবানবন্দি দিয়েছেন। তাঁরা জবানবন্দিতে বলেছেন, মুছার নেতৃত্বে এই হত্যাকাণ্ড ঘটেছে। মুছা স্বপ্রণোদিত হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, নাকি কারও নির্দেশে করেছেন তা জানতে তাঁকে ধরা জরুরি। তাঁর দেশত্যাগে দেশের সব স্থল ও বিমানবন্দরে নিষেধাজ্ঞা পাঠানো হয়েছে। মুছাকে নিয়ে কোনো তথ্য কিংবা তাঁকে গ্রেপ্তারে কেউ সহায়তা করলে পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
মুছার স্ত্রী পান্না আক্তারের দাবির বিষয়ে পুলিশ কমিশনার বলেন, ‘মুছাকে পুলিশ গ্রেপ্তার করেনি তা প্রমাণ করব। পুলিশ গ্রেপ্তার করেছে সেটি প্রমাণের দায়িত্ব মুছার স্ত্রীর।’
গত ২২ জুন চট্টগ্রাম নগরের বন্দর এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে পুলিশ মুছাকে ধরে নিয়ে গেছে বলে দাবি করে আসছেন তাঁর স্ত্রী। এ অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে পুলিশ। গতকাল দুপুরে পান্না আক্তার মুঠোফোনে আবারও প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁর সামনেই পুলিশ মুছাকে ধরে নিয়ে গেছে। মুছা জীবিত কী মৃত, তা তিনি জানেন না। মুছার জন্য পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণাকে তিনি ‘নাটক’ বলে মন্তব্য করেন।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান বলেন, মুছাকে হন্যে হয়ে খুঁজছেন তাঁরা। তদন্ত শেষ না হওয়ায় বলা যাচ্ছে না মুছা কার নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

গত ২৪ জুন মধ্যরাতে ঢাকার বনশ্রী এলাকার শ্বশুরবাড়ি থেকে বাবুল আক্তারকে তুলে নিয়ে যায় পুলিশ। প্রায় ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে আবার বাসায় পৌঁছে দেওয়া হয়। পরে পুলিশ জানায়, বাহিনী থেকে পদত্যাগ করেছেন তিনি। এ ঘটনার কিছুদিন পর বাবুল আক্তার বলেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেননি। পদত্যাগপত্র প্রত্যাহারের জন্য গত ৯ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে আবেদন করেন তিনি। আর ৬ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, ‘বাবুলের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হলো।’

মাহমুদা হত্যার ২১ দিন পর ২৬ জুন গ্রেপ্তার করা হয় ওয়াসিম ও আনোয়ারকে। গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর ওয়াসিম ও আনোয়ার আদালতে জবানবন্দি দেন। তাঁরা বলেন, মুছার নেতৃত্বে হত্যাকাণ্ড ঘটেছে। কিন্তু মুছা কার নির্দেশে এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, সে ব্যাপারে তাঁরা কিছু বলেননি। জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে, হত্যাকাণ্ডে ওয়াসিম, আনোয়ার, মো. রাশেদ, নবী, মো. শাহজাহান, মুছা ও মো. কালু অংশ নেন। তাঁদের মধ্যে নবী ও রাশেদ গত ৪ জুলাই রাঙ্গুনিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলে ছিলেন ওয়াসিম, মুছা ও নবী। মাহমুদাকে ছুরিকাঘাত করেন নবী। অস্ত্র সরবরাহ করেন ভোলা। মাহমুদা হত্যায় অস্ত্র সরবরাহ করা ভোলা ও তাঁর সহযোগী মনিরকে গত ২৭ জুন গ্রেপ্তার করা হয়। অস্ত্র উদ্ধারের মামলায় পুলিশ গত ২৮ জুলাই আদালতে অভিযোগপত্র দেয়। কিন্তু ভোলা অস্ত্র কোথা থেকে সংগ্রহ করেছেন এবং কার নির্দেশে হত্যাকাণ্ডে ব্যবহারের জন্য দিয়েছেন, তা তদন্তে বের করা যায়নি।