
সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যা মামলায় গ্রেপ্তার সাইদুল ইসলাম ওরফে সাকুর জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর শুনানি শেষে এ আদেশ দেন।
মাহমুদা হত্যার ‘পরিকল্পনাকারী’ কামরুল শিকদার ওরফে মুছার বড় ভাই সাইদুল। মুছা ‘নিখোঁজ’ বলে পুলিশ দাবি করে আসছে। আর পরিবারের অভিযোগ, মুছাকে তুলে নিয়ে গেছে পুলিশ।
গত ১ জুলাই রাঙ্গুনিয়া থেকে সাইদুলকে গ্রেপ্তার করে পুলিশ। মাহমুদা হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি তাঁর কাছ থেকে এনেছিলেন মুছা।
গত ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন করা হয় মাহমুদা খানমকে। এই মামলার আসামি ওয়াসিম ২৫ জুন পুলিশের কাছে স্বীকার করেন, হত্যায় ব্যবহৃত অস্ত্র-গুলি ঘটনার আগের রাতে ভোলার কাছ থেকে সংগ্রহ করেন মুছা। আর মোটরসাইকেলটি মুছা সংগ্রহ করেন সাইদুলের কাছ থেকে। পুলিশ বলছে, মাহমুদা হত্যার মূল পরিকল্পনাকারী মুছা। তাঁকে গ্রেপ্তার করা গেলে এই মামলার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।
মুছার পরিবারের দাবি, তাঁকে ধরে নিয়ে গেছে পুলিশ। যদিও এটি অস্বীকার করে মুছাকে ধরিয়ে দিতে পাঁচ লাখ টাকার পুরস্কার ঘোষণা করে পুলিশ।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, সাইদুল ইসলামের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।
গত ২৪ জুন মধ্যরাতে ঢাকার বনশ্রী এলাকার শ্বশুরবাড়ি থেকে বাবুল আক্তারকে তুলে নিয়ে যায় পুলিশ। প্রায় ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে আবার বাসায় পৌঁছে দেওয়া হয়। পরে পুলিশ জানায়, বাহিনী থেকে পদত্যাগ করেছেন তিনি।
অবশ্য পরে বাবুল আক্তার বলেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেননি। পদত্যাগপত্র প্রত্যাহারের জন্য ৯ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে আবেদন করেন তিনি।
৬ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, ‘বাবুলের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে চাকরিচ্যুত করা হলো।’