'নিখোঁজ' সাইফুল গ্রেপ্তার, রিমান্ডের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংসদ মনজুরুল ইসলাম হত্যা
সাংসদ মনজুরুল ইসলাম হত্যা

গাইবান্ধার সুন্দর-গঞ্জে সাংসদ মনজুরুল ইসলাম হত্যার ঘটনায় ১৯ দিন পার হয়েছে গতকাল বৃহস্পতিবার। এখনো এ খুনের রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ। তবে সাংসদ খুনের ১০ দিন পর ‘নিখোঁজ’ সাইফুল ইসলাম নামের একজনক গত বুধবার গ্রেপ্তার করে রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ।
পুলিশ বলেছে, সাইফুলকে গ্রেপ্তারের পর গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে গতকাল হাজির করা হয়। সাত দিনের রিমান্ডের আবেদন জানালে বিচারক ময়নুল হাসান ইউসুফ শুনানির জন্য আগামী সোমবার দিন ধার্য করেন। সাইফুল সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ইউনুস আলীর ছেলে। 
সাইফুলকে আদালতে হাজির করার আগের দিন বুধবার দুপুরে তাঁর সন্ধানের দাবিতে গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছিলেন মা রেবেকা বেগম। এ সময় তিনি অভিযোগ করেন, ১০ জানুয়ারি সাইফুল দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের তাজপুর গ্রামে তাঁর এক স্বজনের বাড়িতে বেড়াতে যান। ওই দিনই সেখান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী হালিমা আকতার দিনাজপুরের কোতোয়ালি থানায় জিডি করেন।

গতকাল সন্ধ্যায় মুঠোফোনে রেবেকা বেগম বলেন, ‘নয় দিন পর আজ (গতকাল) তাঁকে (সাইফুল) সাংসদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।’

জানতে চাইলে সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান বলেন, সাইফুলকে পুলিশ তুলে নিয়ে যায়নি। বুধবার বিকেলে সুন্দরগঞ্জ সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। সাংসদ হত্যার ঘটনায় তিনি জড়িত কি না, সে বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ গ্রামে নিজ বাড়িতে খুন হন সাংসদ মনজুরুল ইসলাম।