'নিখোঁজ' সাব্বিরুলের সন্ধান চেয়ে জিডি
চট্টগ্রামের আনোয়ারার বাসিন্দা ও আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের স্নাতকের ছাত্র ‘নিখোঁজ’ সাব্বিরুল হকের সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত শুক্রবার রাতে তাঁর বাবা আজিজুল হক চৌধুরী নগরের বাকলিয়া থানায় জিডি করেন।
সাব্বিরুল হক বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে গত ২১ ফেব্রুয়ারি নগরের বাকলিয়ার বাসা থেকে বের হন। এরপর তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সাব্বিরুল নিজে থেকেও পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি বলে জিডিতে উল্লেখ করা হয়।
সাব্বিরুলের বাবা আজিজুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, লোকলজ্জায় ছেলের নিখোঁজ হওয়ার বিষয়টি এত দিন থানা-পুলিশকে জানাননি তিনি। রাজধানীর কল্যাণপুরে নয় জঙ্গি নিহত হওয়ার পর সাব্বিরুল মারা গেছেন এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। তিনি বলেন, ‘দেশবাসীর কাছে অনুরোধ, আমার ছেলের সন্ধান পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নিকটস্থ থানার পুলিশকে জানান। অথবা সন্ধানদাতারা আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন।’
‘নিখোঁজ’ সাব্বিরুল হক সরকারি মুসলিম উচ্চবিদ্যালয় থেকে ২০১০ সালে এসএসসি এবং ২০১২ সালে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ থেকে এইচএসসি পাস করেন। ২০১৩ সালে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুমিরা ক্যাম্পাসে অর্থনীতি ও ব্যাংকিং বিভাগে ভর্তি হন তিনি। এরপর থেকে তাঁর আচরণে পরিবর্তন আসা শুরু হয় বলে বাবা আজিজুল হক চৌধুরী জানান। পুলিশ সুপারের ধারণা, সাব্বিরুল জঙ্গি সংগঠনের নিয়ন্ত্রণে আছেন।