সম্প্রতি পরিচালিত জরিপে চট্টগ্রাম নগরে অনুমোদন পাওয়া যেসব গণপরিবহন পুলিশ রাস্তায় খুঁজে পায়নি, সেসব যানবাহন নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির করতে হবে। যানবাহনের মালিকদের আঞ্চলিক পরিবহন কমিটির (আরটিসি) কাছে আগামী ২ থেকে ৪ অক্টোবরের মধ্যে এসব গাড়ি হাজির করতে হবে। কোনো গাড়ি দেখাতে ব্যর্থ হলে তার স্থলে নতুন গাড়ি রাস্তায় নামানো হবে। গণপরিবহনের আওতাভুক্ত তিন শ্রেণির গাড়ি—বাস, হিউম্যান হলার ও টেম্পোর জন্য এই নির্দেশনা কার্যকর হবে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নগর পুলিশ কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত আরটিসির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার।
ট্রাফিক পুলিশ সূত্র জানায়, নগরে ১ হাজার ৪০০ বাস, ১ হাজার ৩১৪টি হিউম্যান হলার এবং ২ হাজার ২৭৪টি টেম্পোর অনুমোদন রয়েছে। অথচ গত ৪ থেকে ২৮ আগস্ট পর্যন্ত জরিপকাজ চালিয়ে এর অর্ধেক যানবাহনেরও অস্তিত্ব পাওয়া যায়নি। আরটিসির কমিটির প্রধান অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক পশ্চিমাঞ্চল) ছত্রধর ত্রিপুরার নেতৃত্বে সাত সদস্যের কমিটি এই জরিপ চালায়। জরিপে ৭৭০ বাস, ৭৫২ হিউম্যান হলার ও ৮৬৭টি টেম্পোর সন্ধান পাওয়া গেছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) দেবদাস ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, ‘পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরাসময় চেয়েছেন। তাই আমরা আগামী ২ থেকে ৪ অক্টোবর পর্যন্ত তিন দিন সময় দিয়েছি।ওই সময়ের মধ্যে অনুপস্থিত গাড়ি হাজির করতে হবে। কেউ ব্যর্থ হলে গণপরিবহনের তিন শ্রেণির গাড়ির শূন্যস্থান পূরণ করা হবে। অর্থাৎ নতুন গাড়ি নামানোর সুযোগ পাবেন পরিবহন ব্যবসায়ীরা।’