সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনার ‘নিখোঁজ’ হওয়ার ঘটনায় তাঁর স্ত্রী প্রিন্সিলা পারভীনের দায়ের করা মামলায় কারাগারে পাঠানো হয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট জেলার আহ্বায়ক সামসুজ্জামান জামানকে।গতকাল সোমবার ঢাকার সিএমএম কোর্টে জামান হাজির হলে তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। স্বেচ্ছাসেবক দলের নেতা জামানের মুক্তির দাবিতে সিলেটে গতকাল সোমবার বিকেলে বিক্ষোভ সমাবেশ করে আজ মঙ্গলবার সিলেট জেলায় আধা বেলা হরতাল আহ্বান করেছে স্বেচ্ছাসেবক দলের নগর কমিটি।দলীয় সূত্র জানায়, ছাত্রদলের নেতা দিনার তাঁর এক সহযোগীসহ গত ৩ এপ্রিল ঢাকার বনানী এলাকা থেকে ‘নিখোঁজ’ হন। তাঁর সন্ধান না পেয়ে গত ১১ মে স্ত্রী প্রিন্সিলা পারভীন ঢাকার বনানী থানায় জামানকে প্রধান আসামি করে সিলেটে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের আরও ১২ জন নেতার বিরুদ্ধে মামলা করেন। মামলায় প্রিন্সিলা তাঁর স্বামীকে দলীয় অন্তর্দ্বন্দ্বের কারণে আসামিরা ‘অপহরণ’ করেছেন বলে অভিযোগ করেন। নিম্ন আদালতে হাজির হওয়ার শর্ত সাপেক্ষে উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন জামান।গতকাল সোমবার নিম্ন আদালতে হাজির হওয়ার তারিখ ছিল। সকালে তিনি ঢাকার সিএমএম কোর্টে হাজির হলে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে জেলে পাঠান। জামানকে জেলে পাঠানোর প্রতিবাদে গতকাল বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করা হয়। শেষে কোর্ট পয়েন্টে সমাবেশ করে আজ সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত হরতাল ঘোষণা করা হয়।সমাবেশে স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগরের নেতারা ছাড়াও ছাত্রদল, জাসাস, যুবদলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি নোমান মাহমুদ, জেলা বিএনপির সহসভাপতি আশিক উদ্দিন, যুগ্ম সম্পাদক এ টি এম ফয়েজ, জেলা যুবদলের সহসভাপতি সুদীপ রঞ্জন সেন, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মিনহাজ উদ্দিন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য মাসুক আহমদ, জেলা ওলামা দলের আহ্বায়ক কবির ইবনে মছব্বির, মহিলা দলের কেন্দ্রীয় সদস্য রোকসানা বেগম, মহানগর মহিলা দলের সহসভানেত্রী সালেহা কবির, সাবেক ওয়ার্ড কাউন্সিলর আমেনা বেগম, সদর উপজেলা বিএনপির সভাপতি শহীদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ ইকবাল, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল বারী চৌধুরী প্রমুখ।