'নিখোঁজ' জামায়াত নেতাকে বিএনপির সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির গোলাম রব্বানীর বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন। তবে পুলিশের চোখে দীর্ঘদিন ধরে তিনি ‘নিখোঁজ’। ‘নিখোঁজ’ থেকেও তিনি আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। বিএনপি নিজ দলের কাউকে সমর্থন না দিলেও তাদের দুই নেতা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে জামায়াতের প্রার্থীকে সমর্থন দিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীর রায় ঘোষণার পর থানায় হামলা, আওয়ামী লীগের কার্যালয়, জনসাধারণের ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ ও বিজিবির সদস্যদের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ হয়। জামায়াত-শিবিরের এসব সহিংস ঘটনায় মিঠাপুকুর থানায় তিনটি মামলা দায়ের করা হয়। তিনটি মামলাতেই গোলাম রব্বানীকে প্রধান আসামি করা হয়েছে। স্থানীয় লোকজন ও দলীয় সূত্র জানায়, মামলা থাকার পরও তিনি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। রব্বানী প্রার্থী হওয়ায় বিএনপির দুই প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ মো. শাহজাহান ও উপজেলা বিএনপির সদস্য সাজেদুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করে তাঁকে সমর্থন দিয়েছেন। তবে জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাঁকে নির্বাচনের মাঠে প্রচারে নামতে দেখা যাচ্ছে না।
বিএনপির আহ্বায়ক শাহ মো. শাহজাহান বলেন, ‘দলের ওপরমহলের নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করে জামায়াতের ওই প্রার্থীকে সমর্থন দিয়েছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা জামায়াতের এক নেতা জানান, রাজনৈতিকভাবে হেনস্তা করতে জামায়াতের আমিরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মিঠাপুকুরে জামায়াতের ভোট ব্যাংক রয়েছে। এ কারণে বিএনপি তাদের প্রার্থীকে প্রত্যাহার করে নিয়েছে।
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জাকির হোসেন অভিযোগ করেন, জামায়াতের নেতার বিরুদ্ধে একাধিক মামলা থাকার পরও পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল বলেন, সাম্প্রতিক সময়ে মিঠাপুকুরের সহিংস ঘটনার প্রধান মদদদাতা হলেন গোলাম রব্বানী। তিনি নির্বাচনে প্রার্থী হলেও পুলিশ তাঁকে খুঁজে পাচ্ছে না।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন গোলাম রব্বানীর বিরুদ্ধে একাধিক মামলা থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না।’
১৯ ফেব্রুয়ারি মিঠাপুকুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জাকির হোসেন সরকার (আনারস), জামায়াত-সমর্থিত প্রার্থী গোলাম রব্বানী (মোটরসাইকেল), জাতীয় পার্টি-সমর্থিত মেজবাহুল ইসলাম (ঘোড়া) ও জাতীয় পার্টির আরেকজন মোস্তফা জামান পারভেজ (দোয়াত-কলম) এবং প্রার্থী মওদুদা আক্তার (কাপ-পিরিচ) স্বতন্ত্র বলে পরিচিত।