'নিখোঁজ' তরুণের লাশ মিলল সীমান্তের ওপারে
সিলেটের কানাইঘাট উপজেলার ভারতীয় সীমান্তবর্তী সিংগারপুঞ্জি এলাকা থেকে ‘নিখোঁজ’ এক তরুণের লাশ সীমান্তের ওপারে পাওয়া গেছে। পরিবার বলছে, দুষ্কৃতকারীরা নাজিম উদ্দিনকে (২৩) ধরে নিয়ে কুপিয়ে হত্যা করেছে। উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ গ্রামের আবদুর রশিদের ছেলে নাজিম গত মঙ্গলবার নিখোঁজ হন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, সীমান্তের ওপারের দুষ্কৃতকারীরা নাজিমকে ধরে নিয়ে হত্যা করেছে—এলাকাবাসীর মাধ্যমে এ খবর পেয়ে বিজিবি সদস্যরা গত বুধবার বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করেন। পরদিন বৃহস্পতিবার তরুণের মরদেহ বাংলাদেশে নিয়ে আসা হলে ময়নাতদন্ত শেষে রাতে পরিবারের কাছে তাঁকে হস্তান্তর করা হয়।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ আবদুল হাই জানান, মরদেহে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।