‘নিখোঁজ’ ব্যক্তির আত্মসমর্পণ অপহূতের লাশ উদ্ধার
ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝোড়া থেকে গত বুধবার রাতে নিখোঁজ ফরিদ হোসেন (৩২) গতকাল রোববার সাভার থানায় আত্মসমর্পণ করেছেন। পরিবারের পক্ষ থেকে তাঁকে অপহরণের দাবি করা হয়। সাভার থানায় অপহরণ মামলাও করা হয়। একই দিন সাভারের শাহীবাগ থেকে অপহরণ করা নূরুল ইসলামের লাশ গতকাল বরিশাল থেকে উদ্ধার করা হয়েছে। তাঁর স্বজনেরা লাশ শনাক্ত করার পর পুলিশকে জানান। ফরিদ হোসেনের অপহরণের নাটক: সাভার থানায় বৃহস্পতিবার দায়ের করা মামলায় ফরিদ হোসেনের বাবা মতি মিয়া অভিযোগ করেন, বুধবার রাত নয়টার দিকে মুঠোফোনে কল করে ফরিদ হোসেনকে আনা হয়। এরপর হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কের তেঁতুলঝোড়া মোড়ের ‘আকাশ বডি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ নামের একটি গাড়ি মেরামত কারখানার কাছ থেকে তাঁকে অপহরণ করা হয়। ওই অপহরণ ঘটনার সঙ্গে নূরে আলম ও দেলোয়ার হোসেন নামে দুজন জড়িত থাকার কথা বলা হয়। তাদের আটক করে পুলিশে সোপর্দও করে জনতা। ফরিদ হোসেন ওই ওয়ার্কশপের মালিক। সাভার থানা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দাবি করে, মামলা রুজু হওয়ার দুই দিন পর গতকাল রোববার ফরিদ হোসেন সাভার থানায় এসে আত্মসমর্পণ করেন। তাঁকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আজ সোমবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার এক তরুণীর সঙ্গে তাঁর পরকীয়া চলছিল। ওই সম্পর্কের সূত্র ধরেই ফরিদ হোসেন পটুয়াখালী গিয়ে গা-ঢাকা দেন। বিষয়টি জানার পর শনিবার ওই তরুণী ও তাঁর বাবাকে গ্রেপ্তার করা হয়। এই সংবাদ পাওয়ার পর ফরিদ হোসেন গতকাল দুপুরে সাভার থানায় এসে আত্মসমর্পণ করেন। ফরিদ হোসেন জানান, তাঁর স্ত্রী ইদানীং তাঁর সঙ্গে ভালো ব্যবহার করছেন না। এ কারণে তিনি পরকীয়ায় লিপ্ত হন এবং আত্মগোপন করেন। তাঁকে অপহরণ করা হয়েছে বলে তিনি স্বজনদের জানান। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ফরিদ হোসেন উদ্ধার হয়েছে। এই মামলায় গ্রেপ্তার হওয়া নিরীহ দুই ব্যক্তিকে আদালতের মাধ্যমে মুক্ত করার আইনি প্রক্রিয়া চলছে। নূরুল ইসলামের লাশ উদ্ধার: সাভারের শাহীবাগ থেকে অপহরণ হওয়া নূরুল ইসলামের লাশ গতকাল বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সাদিকপুর গ্রাম থেকে উদ্ধার হয়েছে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তাঁর বড় ভাই ও মামলার বাদী ইসলাম জানান, পরকীয়ার জের ধরেই তাঁর ভাইকে অপহরণ ও হত্যা করা হয়। পুলিশ তৎপর হলে তাঁর ভাইকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হতো বলে তিনি দাবি করেন। সাভার থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, সাভারের এক গৃহবধূর সঙ্গে নূরুল ইসলামের পরকীয়া ছিল। ওই সম্পর্কের কারণেই গৃহকর্তা কৌশলে আরেক তরুণীর মাধ্যমে নূরুল ইসলামকে অপহরণ করে বরিশাল নিয়ে গিয়ে হত্যা করেন। গতকাল সকালে খবর পেয়ে বরিশাল গিয়ে তাঁর স্বজনেরা লাশ শনাক্ত করেন। এসআই আরও জানান, নূরুল ইসলামকে অপহরণের পর বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই গৃহবধূ, তাঁর স্বামী ও অপহরণের কাজে ব্যবহার করা তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ পাওয়ার পর তাঁরা অপহরণ ও হত্যার কথা স্বীকার করেছেন বলে তিনি দাবি করেন।