'নিখোঁজ' সুখরঞ্জন ভারতে অনুপ্রবেশের কথা স্বীকার করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার অন্যতম সাক্ষী ‘নিখোঁজ’ সুখরঞ্জন বালির ভারতে থাকার ব্যাপারে সব ধরনের নথিপত্র বিবিসি বাংলার হাতে এসেছে। তিনি ভারতে অনুপ্রবেশের কথা আদালতের কাছে স্বীকার করেছেন। গতকাল শুক্রবার বিবিসি বাংলা সার্ভিসের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সুখরঞ্জন ঢাকায় অপহূত হন বা কেউ তাঁকে সীমান্ত দিয়ে ভারতে ঠেলে দেয়—কোনো নথিপত্রে এমন কিছু উল্লেখ নেই। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গের দমদম কারাগারে আছেন। প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের বসিরহাট আদালতে জেরায় সুখরঞ্জন নিজের ও বাবার নামসহ ঠিকানা জানিয়ে বলেন, উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল সীমান্তের বনগাঁ শহরে ভাই পরিতোষ বালির বাড়ি যাওয়ার উদ্দেশ্যেই তিনি ভারতে অনুপ্রবেশ করেন। পরে আদালত তাঁকে ১০৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ দিনের কারাদণ্ডাদেশ দেন। প্রতিবেদনে আরও বলা হয়, পুলিশের নথিপত্র বা আদালতের রায়ের কোথাও এই বিষয়টি নেই যে আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার সময় সুখরঞ্জনকে ঢাকায় অপহরণ করা হয় এবং বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলো তাঁকে ভারতে ঠেলে দেয়। সুখরঞ্জনের বিরুদ্ধে আদালতের দেওয়া রায়ের কপিতে বাংলায় লেখা রয়েছে, সুখরঞ্জন বলেছেন, ‘আমি বাংলাদেশি। দোষ স্বীকার করছি।’

সুখরঞ্জন শুরুতে রাষ্ট্রপক্ষের পক্ষের সাক্ষী থাকলেও পরে তিনি পক্ষ পরিবর্তন করে সাঈদীর পক্ষের সাক্ষী হতে রাজি হন বলে দাবি করেন সাঈদীর আইনজীবীরা।