‘নিখোঁজ’ সেই আইনজীবী ছেলের হাতেই খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট জেলা আইনজীবী সমিতির দুইবারের সাবেক সভাপতি শামসুল ইসলাম চৌধুরী (৯১) ছেলের হাতেই খুন হয়েছেন। সম্পত্তি দখল ও আইন ব্যবসার মাধ্যমে অর্জিত অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাঁকে খুন করা হয়েছে। ইনজেকশন দিয়ে অচেতন অবস্থায় সুরমা নদীতে ভাসিয়ে দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) সদস্যরা খুনের আলামত উদ্ধার ও তিনজনকে আটক করে গতকাল শনিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। গতকাল বেলা ১১টায় সাংবাদিকদের কাছে খুনের ঘটনার বিবরণ তুলে ধরেন র‌্যাব-৯-এর উপ-অধিনায়ক মেজর আবদুল্লাহ ইবনে সাঈদ। আটক তিনজন সংবাদ সম্মেলনে ঘটনার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন। হত্যাকাণ্ডে ব্যবহূত গামছা, পাথর, ইনজেকশনের সিরিঞ্জ এবং লাশ গুমের কাজে ব্যবহূত গাড়ি উদ্ধার করেছে র‌্যাব। তবে মূল আসামি আইনজীবীর ছোট ছেলে মো. মাসউদ আহমদ চৌধুরী মুন্না ভারতে পালিয়ে গেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। শামসুল ইসলাম চৌধুরী সিলেট নগরের মিরবক্সটুলা আজাদী ১১০ নম্বর বাসার বাসিন্দা। তিনি জেলা আইনজীবী সমিতির সভাপতির পাশাপাশি জেলা মুসলিম লীগেরও সভাপতি ছিলেন। গত ১৭ জুলাই শবে বরাতের রাতে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন শামসুল ইসলাম চৌধুরী । খুন করার পর মুন্না নিজে সিলেট কোতোয়ালি থানায় নিখোঁজ হওয়ার সাধারণ ডায়েরি করেন। এর ২২ দিন পর মুন্নাও ‘নিখোঁজ’ হয়ে যান। এ ব্যাপারে আইনজীবীর বড় ছেলে মাহমুদ আহমদ চৌধুরী কোতোয়ালি থানায় মামলা করেন। সাধারণ ডায়েরি ও মামলার সূত্র ধরে র‌্যাব অনুসন্ধান চালিয়ে ঘটনা উন্মোচন করে।সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, উন্নত প্রযুক্তির ভিত্তিতে অভিযান পরিচালনা করে তারা সম্প্রতি এ ঘটনায় সম্পৃক্ত তিনজনকে আটক করে। আটক ব্যক্তিরা হচ্ছেন, দোয়ারাবাজার উপজেলার চণ্ডিপুর গ্রামের মো. বোরহান (৩০), একই গ্রামের মো. ইসমাইল হোসেন রানু (২৪) ও ছাতক উপজেলার বাউলী গ্রামের মো. আনসার আলী (২৫)। শামসুল ইসলাম চৌধুরীর চার মেয়ে ও দুই ছেলে। দুই মেয়ে যথাক্রমে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যপ্রবাসী, একজন ঢাকায় এবং অন্যজন সিলেট শ্বশুরবাড়িতে স্থায়ীভাবে বসবাস করেন। বড় ছেলে মো. মাহমুদ আহমেদ চৌধুরী পেশাগত কারণে সপরিবারে ঢাকায় থাকেন। মেয়েদের বিয়ের পর থেকে ছোট ছেলে মুন্না সিলেটে বাবার সঙ্গে বাসায় বসবাস করেন। ছেলের সঙ্গে বাবার সম্পত্তি নিয়ে বিরোধের সূত্র ধরে প্রায়ই ঝগড়া হতো। এর সূত্র ধরে বাবাকে হত্যার পরিকল্পনা করেন মাসউদ।গত ১৭ জুলাই রাত আনুমানিক সাড়ে ১০টায় মুন্না তাঁর সঙ্গীদের নিয়ে শামসুল ইসলামের কক্ষে ঢোকেন। শামসুল ইসলাম নামাজরত অবস্থায় ছিলেন। এ অবস্থায় শামসুল ইসলামকে মুখ চেপে ধরে মাটিতে চিৎ করে শোয়ানো হয় এবং মুন্না মুখোশ পরে তাঁর বাবার দুই পাঁজরে বিষাক্ত ইনজেকশন পুশ করেন। অবচেতন শামসুল ইসলামকে একটি প্রাইভেট কারে ( নম্বর ঢাকা মেট্রো-ক-০৩-৬১৮৪) উঠিয়ে ছাতকে নিয়ে যান। রাত আনুমানিক দুইটার দিকে তাঁরা ছাতক উপজেলার আন্দাইর গাঁওয়ের কাছাকাছি নদীর পারে গাড়ি রেখে শামসুল ইসলামের দেহ সুরমা নদীতে ফেলে দিয়ে তাঁর মৃত্যু নিশ্চিত করেন।র‌্যাব জানায়, গোয়েন্দা তৎপরতা ও আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গত ১৮ আগস্ট থেকে টানা ৪২ ঘণ্টার অপারেশনের মাধ্যমে তাঁরা খুনের মূল রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছেন। শামসুল ইসলাম চৌধুরী হত্যার অন্যতম মূল হোতা মাসউদ আহমেদ চৌধুরী মুন্নাকে অপর আসামি মো. ইসমাইল হোসেন রানু টেকেরঘাট দিয়ে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন বলে র‌্যাব জানায়। পলাতক আসামির গ্রেপ্তারের জন্য র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।মুন্নার বড় ভাই মাহমুদ আহমদ চৌধুরী জানান, পারিবারিক তেমন বড় ধরনের ঝামেলা না থাকলেও মুন্নার সঙ্গে তাঁর আইনজীবী বাবার সম্পর্ক ভালো ছিল না। মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘আমার ছোট ভাই এ ঘটনার সঙ্গে জড়িত, সেটা কল্পনায়ও ছিল না। ওর মতো ভাই না থাকাই ভালো ছিল। আমরা ওর বিচার চাই।’ র‌্যাবের হাতে আটক ইসমাইল মুন্নাকে অবৈধভাবে ভারতে পালিয়ে যেতে সহায়তা করেছেন বলে স্বীকার করেছেন। গ্রেপ্তার হওয়া অন্য দুজনও খুনের সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন। আটক তিনজনসহ উদ্ধার করা আলামত সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হবে বলে র‌্যাব জানায়।