‘নিজস্ব ক্যাম্পাস না করলে শিক্ষার্থী ভর্তি নয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাস করবে না, তারা নতুন করে ছাত্র ভর্তি করাতে পারবে না বলে আবারও জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তবে যাঁরা ভর্তি আছেন, তাঁরা শিক্ষাজীবন শেষ করতে পারবেন। গতকাল শনিবার নর্দান ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। ঢাকার অদূরে কালিয়াকৈর-নবীনগর সড়কের পাশে গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের সারাবো এলাকায় এই ক্যাম্পাস করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ১২ বিঘা জমির ওপর তাদের ইউনিভার্সিটির ক্যাম্পাস গড়ে তোলা হবে।উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ঘোষণা দেন, আইন অনুযায়ী যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থায়ী (নিজস্ব) ক্যাম্পাসে যেতে পারেনি, তারা আগামী সেপ্টেম্বরের পর নতুন করে আর কোনো শিক্ষার্থী ভর্তি করাতে পারবে না। এই ঘোষণার পর যেসব বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস নেই, তাদের অধিকাংশই নিজস্ব ক্যাম্পাস স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে। তবে কয়েকটি এখনো উদ্যোগই নেয়নি। ঢাকায় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ওপরে গার্মেন্টস, নিচে বাসা—সেখানে একটি বিশ্ববিদ্যালয় হতে পারে না। যেসব বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস নেই, তাদের সরকারি কোনো সুযোগ-সুবিধা দেওয়া হবে না। আর যারা নিজস্ব ক্যাম্পাস শুরু করেছে, তারা সরকারি সব সুযোগ-সুবিধা পাবে।শিক্ষামন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘অনেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে, ‘সাংবাদিকেরা আমাদের বিরুদ্ধে লেখেন। কিন্তু আমি বলি, আপনারা লিখবেন, না লিখলে আমাদের ভুলগুলো বুঝতে পারব না। প্রতিদিন পত্রিকা পড়ে দেশের কোথাও শিক্ষাব্যবস্থা নিয়ে সমস্যা থাকলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলি। তাই আপনারা সমস্যা তুলে ধরবেন, মন্দটা ধরিয়ে দেবেন।’ নর্দান ইউনিভার্সিটির উপাচার্য এম শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, নর্দান ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ, লে. কর্নেল (অব.) একতেদার আহমদ সিদ্দিকী প্রমুখ।