‘নিজস্ব তথ্যের ভিত্তিতে অভিযান চালাবে র্যাব’
অন্যের দেওয়া তথ্যের ভিত্তিতে নয়; নিজস্ব তথ্যের ভিত্তিতেই অভিযান চালাবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ফলে নিরপরাধ মানুষকে অযথা হয়রানির শিকার হতে হবে না। তাদের কেউ ফাঁসাতে পারবে না। র্যাব-৯ সিলেটের নবনিযুক্ত অধিনায়ক লে. কর্নেল আনিসুর রহমান গতকাল মঙ্গলবার এসব কথা বলেন। তিনি গতকাল বেলা দুইটার দিকে সিলেট শহরতলির মেজরটিলা এলাকায় র্যাব কার্যালয়ে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সিলেটের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত উপস্থাপন করেন।আনিসুর রহমান জানান, সিলেটে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়ে থাকে। এর মধ্যে ৫০ ভাগ জমি-সংক্রান্ত, ২০ ভাগ মাদক-সংক্রান্ত, ১৫ ভাগ সন্ত্রাসী কর্মকাণ্ড-সংক্রান্ত, ১০ ভাগ চুরি-ডাকাতি-ছিনতাই-সংক্রান্ত এবং পাঁচ ভাগ অন্যান্য। অপরাধ যে ধরনের হোক না কেন—তা মোকাবিলায় র্যাব তৎপর রয়েছে। আনিসুর রহমান বলেন, ‘পবিত্র রমজান ও ঈদ সামনে রেখে ছিনতাইকারীদের উপদ্রব বৃদ্ধি এবং কিছু অসাধু ব্যবসায়ীর ভেজাল খাদ্যদ্রব্য বিক্রির প্রবণতা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এসব বিষয় মাথায় রেখে তা রোধে পুরো রমজান মাসজুড়ে র্যাবের বিশেষ কয়েকটি দল কাজ করবে।’র্যাব-৯ অধিনায়ক আরও বলেন, ‘অন্যের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে আমরা কখনোই কোনো অভিযান পরিচালনা করব না। কাউকেই অযথা হয়রানির শিকার হতে হবে না।’শত্রুতা করে কোনো নিরপরাধ মানুষের বাড়িতে অস্ত্র রেখে তাকে ফাঁসানোর জন্য অনেকে র্যাবকে খবর দেয় উল্লেখ করে তিনি বলেন, এমনটি আর হতে দেওয়া হবে না। নিজস্ব তথ্যের ওপর ভিত্তি করেই র্যাব অভিযান চালাবে।