জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা
‘নিজস্ব মেধা আর মননের বিকাশে সচেষ্ট থাকতে হবে’
‘আমাদের নিজস্ব মেধা আর মননের বিকাশে সচেষ্ট থাকতে হবে। প্রচলিত ধারণার বাইরে গিয়ে চিন্তা করতে হবে। যুক্তি ও তথ্যের ওপর ভিত্তি করে বক্তব্য উপস্থাপন করতে হবে।’ গতকাল শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ আয়োজিত দ্বিতীয় আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উপাচার্য মো. আনোয়ার হোসেন এসব কথা বলেন। ‘যুক্তির প্রাণ সুর তুলে যায়, স্বাধীনতার উন্মাদনায়’ এ স্লোগান ধারণ করে সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে দ্বিতীয় আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানাইজেশনের সহযোগিতায় গণিত বিভাগ বিতর্ক সংঘ এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে বিভিন্ন বিভাগ ও হলের ১৬টি ক্লাবের ২০টি দল অংশ নেয়। গতকাল চূড়ান্ত পর্বে ‘চীনের উত্থান আগামীর বিশ্বরাজনীতিতে সংঘাত বৃদ্ধি করবে’ বিষয়ের ওপর বিতর্কে সরকারি দলের ভূমিকায় থাকা ‘আরকিউলজি ডিবেটিং ক্লাব’(এডিসি) চ্যাম্পিয়ন হয়। আর বিরোধী দলের ভূমিকায় থাকা আইবিএ-জেইউ ডিবেটিং ক্লাব রানার আপ হয়। পরে সমাপনী অনুষ্ঠানে মো. আনোয়ার হোসেন, গণিত বিভাগের সভাপতি লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, মো. আবদুর রব, গণিত বিভাগ বিতর্ক সংঘের সভাপতি জাকারিয়া পলাশ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানাইজেশনের সাবেক সাধারণ সম্পাদক কৌশিক আজাদ প্রমুখ বক্তব্য দেন। পরে ‘স্বাধীনতার ব্রত, আমাদের চেতনা আজ বিব্রত’ এ বিষয়ের ওপর একটি প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত হয়। লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বলেন, যুক্তিনির্ভর বিতর্কের মধ্য দিয়ে সমাজের অসংগতি তুলে ধরে কাঙ্ক্ষিত সমাজ বির্নিমাণে কাজ করতে হবে।