'নিজামীর নির্দেশে চাচাকে হত্যা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধ
মানবতাবিরোধী অপরাধ

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বৃহস্পতিবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২২তম সাক্ষী শাহজাহান আলী। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরের ৩ ডিসেম্বর নিজামীর নির্দেশে পাকিস্তানি সেনারা তাঁর চাচাকে গুলি করে হত্যা করে।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শাহজাহানের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী।
জবানবন্দিতে শাহজাহান (৭০) বলেন, তাঁর বাড়ি পাবনার বেড়া থানার বৃশালিখা গ্রামে। একাত্তরের আগস্ট মাসে তাঁর চাচাতো ভাই আবদুস সেলিম লতিফ ও মো. আলাউদ্দিনকে রাজকাররা বেড়া লঞ্চঘাট থেকে ধরে নগরবাড়ী ঘাটে নিয়ে যায়। নিজামীর নির্দেশে রাজাকাররা তাঁদের পাকিস্তানি সেনাদের হাতে তুলে দেয়। পাকিস্তানি সেনারা তাঁদের অমানবিক নির্যাতন করে হাত-পা বেঁধে নদীতে ফেলে দেয়। তবে তাঁরা বেঁচে যান এবং গুরুতর আহত অবস্থায় কয়েক দিন পর ফিরে আসেন।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, একাত্তরের ৩ ডিসেম্বর তাঁর চাচা সোহরাব আলী প্রামাণিককে বৃশালিখার বাড়ি থেকে টেনে গ্রামের চৌরাস্তায় নেওয়া হয়। সেখানে পাকিস্তানি সেনারা তাঁকে রাইফেলের বাঁট দিয়ে মারে। নিজামী ইশারা করলে সেনারা তাঁকে দু-তিনটি গুলি করে। চাচা মাটিতে পড়ে যান। পরে নিজামীর নেতৃত্বে সেনারা উত্তর দিকে হিন্দুপাড়ার দিকে যায়। বাঁশঝাড়ের আড়াল থেকে তিনি ওই হত্যাকাণ্ড দেখেন। পরে চাচার কাছে গিয়ে দেখেন, চাচা মারা গেছেন। কিছুক্ষণ পর হিন্দুপাড়ার দিক থেকে গুলির শব্দ শোনেন। পরে সেখানে গিয়ে দেখেন, তিন-চারজন হিন্দু নারী প্রায় বিবস্ত্র অবস্থায় বসে আছেন। উপস্থিত একজনের প্রশ্নের জবাবে এক নারী বলেন, নিজামীর নির্দেশে পাকিস্তানি সেনা ও রাজাকাররা সাত-আটজনকে হত্যা করেছে এবং তাঁদের সম্ভ্রমহানি করেছে।
জবানবন্দির শেষ পর্যায়ে আসামির কাঠগড়ায় থাকা নিজামীকে শনাক্ত করেন শাহজাহান। পরে তাঁকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম ১৫ সেপ্টেম্বর (রোববার) পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।