‘নিজামীর নির্দেশে বাবাকে হত্যা করা হয়’
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৪তম সাক্ষী মুক্তিযোদ্ধা আবদুস সেলিম। জবানবন্দিতে আবদুস সেলিম বলেন, একাত্তরে নিজামীর নির্দেশে রাজাকার, আলবদর ও পাকিস্তানি সেনারা তাঁর বাবাসহ অনেক নিরস্ত্র মানুষকে হত্যা করে। এটা তিনি অনেকের কাছে শুনেছেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আবদুস সেলিমের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী। এ সময় আসামির কাঠগড়ায় নিজামী হাজির ছিলেন।জবানবন্দিতে আবদুস সেলিম (৬০) বলেন, তাঁর গ্রামের বাড়ি পাবনার বেড়া থানার বৃশালিখা গ্রামে। ১৯৭০ সালে তিনি বেড়া কলেজে বাণিজ্য বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি মুক্তিযোদ্ধা।রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, একাত্তরের সম্ভবত ১৫ আগস্ট তিনি বেড়া থানা রেকি করতে যান। পথে বেড়া থানার লঞ্চঘাটে চাচাতো ভাই আলাউদ্দিনসহ তিনি নিজামীর অনুগত আলবদর ও রাজাকারদের হাতে ধরা পড়েন। তাঁদের বেড়া থানায় পাকিস্তানি সেনা ও আলবদর ক্যাম্পে হস্তান্তর করা হয়। ঘণ্টা খানেক পর তাঁদের খালি গায়ে পিঠমোড়া করে বেঁধে নগরবাড়ী সেনাক্যাম্পে নেওয়া হয়। সেখানে নিয়ে তাঁদের ফেরির ওপর রাখা হয়। সেখানে আরও ৯-১০ জন পিঠমোড়া করে বাঁধা অবস্থায় ছিলেন। তিনি দেখেন, একজন পাকিস্তানি সেনা কর্মকর্তার সঙ্গে নিজামী কথা বলছেন। একজন পাকিস্তানি ক্যাপ্টেন তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। তাঁরা কিছু জানেন না বললে তাঁদের ওপর অত্যাচার শুরু হয়। দু-তিন ঘণ্টা অত্যাচার চলে। আবদুস সেলিম বলেন, তাঁদের কাছ থেকে কোনো তথ্য বের করতে না পেরে ওই ক্যাপ্টেন বলেন, ‘পার করে দে গা।’ পরে তাঁকে ইটভরা বস্তার সঙ্গে বেঁধে পাকিস্তানি সেনা ও আলবদররা নদীতে ফেলে দিলেও তিনি বেঁচে যান।আবদুস সেলিম বলেন, একাত্তরের ২ ডিসেম্বর তাঁর বাবা সোহরাব আলী বাড়ি ফিরে যান। এ খবর আলবদরের স্থানীয় সদস্যরা জানতে পেরে আলবদর বাহিনীর প্রধান নিজামীকে খবর দেয়। ৩ ডিসেম্বর ভোরে আলবদর, রাজাকার ও পাকিস্তানি সেনারা যৌথভাবে তাঁদের বৃশালিখা গ্রাম ঘিরে ফেলে। অনেক বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় এবং তাঁর বাবাকে ধরে নিয়ে রাস্তার ওপর নির্মম অত্যাচার করে তাঁর (সাক্ষী) অবস্থানের কথা জানতে চায়। বাবা কিছু না বলায় তাঁকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাটি তিনি তাঁর মা, আজগর আলী মুন্সি, অহেদ আলী প্রামাণিক, শাহজাহান আলীসহ আরও অনেকের কাছে শুনেছেন। তিনি আরও জেনেছেন, নিজামীর নির্দেশে আলবদর, রাজাকার ও পাকিস্তানি সেনারা তাঁর বাবাকে নির্মম অত্যাচার করে হত্যা করেছে। এ ছাড়া তাঁদের গ্রামের মনু, ষষ্ঠী প্রামাণিক, ভাদু প্রামাণিক, জ্ঞানেন্দ্র নাথ হালদারসহ আরও অনেক নিরস্ত্র মানুষকে হত্যা করে।সাক্ষী সেলিম জবানবন্দির শেষ পর্যায়ে আসামির কাঠগড়ায় থাকা নিজামীকে শনাক্ত করেন। আজ সোমবার আসামিপক্ষ তাঁকে জেরা করবে।