'নিজামীর নির্দেশে বৃশালিখা গ্রামে হত্যা, অগ্নিসংযোগ ও লুট হয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৬তম সাক্ষী মো. জানে আলম। জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরের ৩ ডিসেম্বর নিজামীর নির্দেশে পাকিস্তানি সেনা, রাজাকার ও আলবদররা তাঁদের গ্রামে (বৃশালিখা) হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ ও লুণ্ঠন চালায়। এ কথা তিনি গ্রামের মুরব্বিদের কাছে শুনেছেন।

বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল সোমবার জানে আলমের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আলী। এ সময় নিজামী আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।

জবানবন্দিতে জানে আলম (৬০) বলেন, তাঁর বাড়ি পাবনার বেড়া থানার বৃশালিখা গ্রামে। একাত্তরের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পর তাঁরা বেড়া বিপিন বিহারী হাইস্কুল মাঠে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিতে শুরু করেন। ১৫-২০ দিন প্রশিক্ষণের পর তাঁরা বেড়া থানা থেকে ১৪টি রাইফেল ও স্থানীয় লোকজনের লাইসেন্স করা বন্দুক কেড়ে নিয়ে বগুড়া রোডের ডাববাগানে (বর্তমানে শহীদনগর) প্রতিরোধ গড়ে তোলেন। ১৯ এপ্রিল পাকিস্তানি সেনাদের সঙ্গে তাঁদের সম্মুখযুদ্ধ হয়। ওই যুদ্ধে তাঁরা পিছু হটেন। পরে তাঁরা রৌমারী সীমান্ত দিয়ে ভারতে চলে যান।

রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, ভারতে প্রশিক্ষণ নিয়ে আগস্টের মাঝামাঝি তাঁরা ৫০-৬০ জন বাংলাদেশে ফিরে টাঙ্গাইলের শাহাজানির চরে অবস্থান নেন। পরে তাঁরা ভাগ হয়ে বিভিন্ন জায়গায় চলে যান। তাঁর দল শাহাজাদপুরের দুগলী গ্রামে ক্যাম্প করে। ২ ডিসেম্বর রাতে তাঁর বন্ধু সোহরাব ক্যাম্পে গেলে তিনি তাঁর সঙ্গে নিজ গ্রামে যান। ৩ ডিসেম্বর রাতে তাঁর বাবা-মা গোয়ালে গরুকে খাবার দিতে গিয়ে পাকিস্তানি সেনা, রাজাকার ও আলবদর সদস্যদের রাস্তায় চলাচল করতে দেখেন। এতে বাবা তাঁকে তাড়াতাড়ি পালাতে বললে তিনি হুড়াসাগর নদ পার হয়ে ক্যাম্পে চলে যান। রাজাকার ও পাকিস্তানি সেনারা চলে যাওয়ার পর পরদিন দুপুরে তাঁরা গ্রামে ফেরেন। তিনি শোনেন, সোহরাবকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। ষষ্ঠী, ভাদু, মনু, প্রফুল্ল, পিন্টুসহ আরও অনেককে হত্যা করা হয়েছে এবং গ্রামের ৭০-৭২টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। তাঁদের দেখে গ্রামবাসী স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সামনে জড়ো হলে তিনি গ্রামের মুরব্বিদের কাছে শোনেন, ইসলামী ছাত্র সংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) সভাপতি মতিউর রহমান নিজামীর নির্দেশে সাঁথিয়া থানার আলবদর কমান্ডার রফিকুননবী ওরফে বাবলুর নেতৃত্বে রাজাকার, আলবদর ও পাকিস্তানি সেনারা ওই হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে।

জবানবন্দির শেষ পর্যায়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাক্ষীর কাছে জানতে চান, নিজামী কি এজলাসে হাজির আছেন? জবাবে জানে আলম বলেন, নেই। পরে কৌঁসুলি তাঁকে ভালো করে খুঁজে দেখতে বলেন। সাক্ষী হেঁটে আসামির কাঠগড়ার কাছে গিয়ে দেখে বলেন, নিজামী কাঠগড়ায় চেয়ারে বসে আছেন, এ জন্য সাক্ষীর কাঠগড়া থেকে তিনি তাঁকে দেখতে পাননি।

এ নিয়ে আসামিপক্ষের সঙ্গে রাষ্ট্রপক্ষের বাদানুবাদ হয়। আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম বলেন, কোন আইনে আসামিকে খুঁজে দেখতে বলার বিধান আছে? পরে জানে আলমকে জেরা করেন মিজানুল ইসলাম। এক প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, নিজামীকে তিনি গত কয়েকটি জাতীয় সংসদ নির্বাচনের সময় তাঁদের এলাকায় দেখেছেন। কবে প্রথম নিজামীর নাম শুনেছেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, একাত্তরের ৩ ডিসেম্বর।

সাক্ষীকে জেরা শেষে এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৫ আগস্ট দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।