‘নিজামীর নির্দেশে মামাসহ দুজনকে হত্যা করা হয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বৃহস্পতিবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী মো. নাজিমুদ্দীন খাত্তাব। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরের ২৮ এপ্রিল নিজামীর নির্দেশে রাজাকার ও পাকিস্তানি সেনারা তাঁর মামা হাবিবুর রহমান সরদারসহ দুই মুক্তিযোদ্ধাকে গুলি চালিয়ে হত্যা করে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল নাজিমুদ্দীনের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মীর ইকবাল হোসেন। এ সময় আসামির কাঠগড়ায় নিজামী হাজির ছিলেন।জবানবন্দিতে নাজিমুদ্দীন (৬৩) বলেন, তাঁর বাড়ি পাবনার সাঁথিয়া থানার করমজা মধ্যপাড়া গ্রামে। একাত্তরের ২৮ এপ্রিল সকাল আটটার দিকে তাঁর মামা মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সরদার ও আরেক মুক্তিযোদ্ধা আক্কাসকে নিজামীর নির্দেশে রাজাকার ও পাকিস্তানি সেনারা সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডে নির্মমভাবে গুলি চালিয়ে হত্যা করে। প্রত্যক্ষদর্শী আবু সামা ফকিরসহ স্থানীয় লোকজন তাঁর নানাবাড়িতে হত্যাকাণ্ডের খবর দেন। খবর পেয়ে তিনি বাসস্ট্যান্ডে গিয়ে দেখেন, তাঁর মামা ও আক্কাস মৃত অবস্থায় পড়ে আছেন।এ সময় নাজিমুদ্দীন কান্নায় ভেঙে পড়েন। পরে তিনি বলেন, একাত্তরের ৮ মে তাঁদের গ্রামে গণহত্যা, ধর্ষণ, লুট, অগ্নিসংযোগ করা হয়। সে রাতে তিনি জমিদার শৈলেন্দ্রনাথ ভট্টাচার্যের ছেলে প্রণব ভট্টাচার্য ও নাতি দুলাল চক্রবর্তীকে নিয়ে জমিদারবাড়ির দিকে যাওয়ার পথে তারা হালদারের সঙ্গে দেখা হয়। রক্তাক্ত তারা হালদার জানান, নিজামীর উপস্থিতিতে রফিকুন নবী বাবলু, আফজাল, মোসলেম ও পাকিস্তানি সেনারা গ্রাম ঘিরে ফেলেছে। তাঁকে, তাঁর দাদা ষষ্ঠী হালদার, দুই ভাতিজা কার্তিক হালদার ও আদু হালদার, শান্তি হালদার, সুরেশচন্দ্র হালদার, জমিদার শৈলেন্দ্রনাথ, তাঁর ছেলে দ্বিজেন্দ্রনাথ ভট্টাচার্য, কারু ঠাকুর, মুরালিচন্দ্র দাস ও ফকিরচাঁদকে জমিদারবাড়ির পূজাঘরের সামনে বেয়নেট দিয়ে খোঁচানো ও গুলি করা হয়। তিনি অলৌকিকভাবে বেঁচে গেলেও অন্যরা মারা যান।জবানবন্দি শেষে সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম ২৮ এপ্রিল (রোববার) পর্যন্ত মুলতবি করা হয়।