'নিজামীর নির্দেশে স্বামীকে আলবদররা ধরে নিয়ে যায়'

জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সোমবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২৩তম সাক্ষী সৈয়দা সালমা হক। তিনি শহীদ বুদ্ধিজীবী চিকিত্সক আজহারুল হকের স্ত্রী।
জবানবন্দিতে সৈয়দা সালমা হক বলেন, নিজামীর নির্দেশে একাত্তরের ১৫ নভেম্বর তাঁর স্বামী আজহারুল হক ও চিকিত্সক হুমায়ুর কবীরকে আলবদরা ধরে নিয়ে হত্যা করে।
বিচারপতি এ টি এম ফজলে কবিরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ আজ সালমা হকের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী। এ সময় আসামির কাঠগড়ায় নিজামী হাজির ছিলেন।
জবানবন্দিতে সালমা হক আরও বলেন, ১৯৭০ সালে বিয়ের পর তাঁরা ২২ নম্বর ফ্রি স্কুল স্ট্রিট হাতিরপুলে ভাড়া থাকতেন। ওই সময় তাঁর স্বামী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। পাশাপাশি বাসার কাছে সাইদা ফার্মেসিতে (প্রাইভেট প্রাকটিস) চিকিত্সাসেবা দিতেন। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর তাঁর স্বামী ২৫ মার্চ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ওই ফার্মেসিতে আহত মুক্তিযোদ্ধাদের চিকিত্সাসেবা দেন। ওই সময় সাইদা ফার্মেসির বিপরীতে আলী ফার্মেসি নামে আরেকটি ওষুধের দোকান ছিল। ওই ফার্মেসির বিহারি মালিক আলী সব সময় তাঁর স্বামীর গতিবিধি লক্ষ করতেন। তাঁরা সন্দেহ করেন, তাঁর স্বামীর কাছে কখন কারা আসতেন, তিনি কোথায় যেতেন, এ সম্পর্কিত তথ্য আলী পাকিস্তানি সেনাদের অবহিত করতেন।
জবানবন্দিতে রাষ্ট্রপক্ষের এ সাক্ষী বলেন, একাত্তরের ১৫ নভেম্বর ভোর সাড়ে ছয়টার দিকে তাঁর স্বামী হাসপাতালে যাওয়ার জন্য অ্যাপ্রোন আনতে বাসার কাজের ছেলে শাহাদাতকে লন্ড্রিতে পাঠান। কিছুক্ষণ পর শাহাদাত খালি হাতে ফিরে এসে জানায়, পাকিস্তানি সেনা ও কিছুসংখ্যক সশস্ত্র বাঙালি তাঁদের এলাকা ঘিরে রেখেছে। এ কথা শুনে তাঁর স্বামী বাড়িওয়ালার বাসা থেকে হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্স পাঠাতে বলেন এবং বাসার গেটে গিয়ে অপেক্ষা করতে থাকেন। ওই সময় সামনের ভবনে বসবাসকারী চিকিত্সক হুমায়ুন কবীরও তাঁর সঙ্গে যাওয়ার জন্য বাসার নিচে নেমে আসেন। কিছুক্ষণ পর বাসার কাজের ছেলে তাঁকে খবর দেন যে, তাঁর স্বামী ও হুমায়ুন কবীরকে পাকিস্তানি সেনা ও অস্ত্রধারীরা ধরে নিয়ে যাচ্ছে। এ কথা শুনে তিনি দৌড়ে নিচে যাওয়ার পর দেখেন, তাঁদের দুজনকে রাইফেলের বাঁট দিয়ে আঘাত করে অস্ত্রের মুখে রাস্তার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি চিত্কার করে উঠলে অস্ত্রধারী বাঙালিরা তাঁকে অস্ত্রের ভয় দেখিয়ে বাসার ভেতরে যেতে বাধ্য করেন। এ সময় তিনি ওই অস্ত্রধারীদের জিজ্ঞাসা করেন, ‘তোমরা কারা? আমার স্বামীকে কোথায় নিয়ে গেলে?’ উত্তরে অস্ত্রধারীরা বলেন, ‘আমরা আলবদর বাহিনীর সদস্য। আমাদের হাইকমান্ড মতিউর রহমান নিজামীর নির্দেশে আপনার স্বামী ও হুমায়ুন কবিরকে নিয়ে যেতে এসেছি।’
জবানবন্দির শেষ দিকে কান্নাজড়িত কণ্ঠে সালমা হক জানান, একাত্তরের ১৬ নভেম্বর নটর ডেম কলেজের পাশের কালভার্টের নিচে নর্দমার মধ্যে হাত, পা, চোখ বাঁধা অবস্থায় তাঁর স্বামী ও হুমায়ুন কবীরের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। ওই সময় তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
দেশের সেরা সন্তানদের যারা বিনা অপরাধে ধরে নিয়ে হত্যা করেছে, সেই নিজামী, মুঈনুদ্দিন, আশরাফুজ্জামান, গোলাম আযমসহ সব ঘাতকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করে ট্রাইব্যুনালের কাছে আরজি জানান তিনি।
জবানবন্দি শেষে সাক্ষীকে একটি প্রশ্ন করে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আগামী বুধবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।
আসামিপক্ষের একটি আবেদন খারিজ: এদিকে এই ট্রাইব্যুনালে নিজামীর বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষী শ্যামলী নাসরিন চৌধুরীর জবানবন্দি প্রত্যাহার চেয়ে আসামিপক্ষের আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ এ আবেদনের ওপর দুই পক্ষের আইনজীবীদের শুনানি শেষে ট্রাইব্যুনাল এ-সংক্রান্ত আদেশ দেন।