একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করাকে বাংলাদেশের ‘বিরাট এক ভুল’ বলে মনে করে তুরস্ক। দেশটির জ্যেষ্ঠ কূটনীতিক দিল্লিতে নিযুক্ত রাষ্ট্রদূত বুরাক আকচাপার এ কথা বলেছেন।
রাষ্ট্রদূত বুরাক আকচাপার বলেন, এই ফাঁসি কার্যকর করায় তাঁরা যে ক্ষুব্ধ, সেটা প্রকাশ করাটা তুরস্কের অধিকারের মধ্যে পড়ে। মতিউর রহমান নিজামীকে কোনো যুদ্ধাপরাধী নয়, বরং একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই দেখছে তুরস্ক।
নিজামীর ফাঁসি কার্যকর করার প্রতিবাদে তুরস্ক সম্প্রতি ঢাকা থেকে তাদের রাষ্ট্রদূতকে আঙ্কারা ডেকে পাঠায়। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও এই ফাঁসির নিন্দা করেছেন।
দিল্লিতে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত বলেন, মৃত্যুদণ্ড এমনিতেই কোনো ভালো সাজা নয়, আর একজন রাজনৈতিক নেতাকে ফাঁসিতে ঝোলানো তো কিছুতেই মানা যায় না।
তুরস্ক বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে তিনি মনে করেন কি না—এ প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত আকচাপার বলেন, ‘কোনো একটা জিনিস যদি মনে করি বাংলাদেশের স্বার্থবিরোধী, তাহলে আমাদেরও কিন্তু অধিকার আছে তা প্রকাশ করার।’
জনগণের একটা বড় অংশের যুদ্ধাপরাধীদের বিচার করার দীর্ঘদিনের দাবি এবং মুক্তিযুদ্ধের সময় প্রিয়জন হারানো মানুষদের সেই অন্যায়ের একটা প্রতিকার করার অধিকার এ দেশের জনগণের থাকার প্রশ্নটাকে তুরস্ক কীভাবে দেখছে জানতে চাইলে আকচাপার বলেন, বাংলাদেশের কী অধিকার আছে না-আছে, তা নিয়ে তিনি মন্তব্য করতে চান না। তাহলে বাংলাদেশে একাত্তরের যুদ্ধের সময়কার নৃশংসতার শিকার ব্যক্তিরা কীভাবে বিচার পাবেন প্রশ্ন করলে এই তুর্কি কূটনীতিকের সংক্ষিপ্ত জবাব, ‘টাইম ইজ দ্য বেস্ট হিলার, অর্থাৎ সময়ই সবচেয়ে ভালো উপশমকারী।’
মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য অনেক দেশই বাংলাদেশের সমালোচনা করেছে। কিন্তু তুরস্ক যে ভাষা ও ভঙ্গিতে প্রতিবাদ ব্যক্ত করেছে, তা প্রায় নজিরবিহীন।