'নিজামীর রায় না হওয়া ট্রাইব্যুনালের দুর্বলতা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায় না হওয়া ট্রাইব্যুনালের দুর্বলতা ও প্রসিকিউশনের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
মাসব্যাপী ‘গণজাগরণ ঘরে ঘরে’ কর্মসূচির শেষ দিনে আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে এক সাংবাদ সম্মেলনে ইমরান এসব কথা বলেন। এ সময় তিনি এই কর্মসূচি আরও তিন মাস চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
যুদ্ধাপরাধীর বিচারকে রাজনৈতিক ইস্যুতে পরিণত না করতে সরকারের প্রতি আহ্বান জানান ইমরান এইচ সরকার। তিনি বলেন, ‘সরষের ভেতরেই ভূত রয়েছে। সরকার ও ট্রাইব্যুনালকেই খুঁজে বের করতে হবে কারা তাদের মধ্যে থেকে জামায়াতের পারপাস সার্ভ করে।’
ইমরান বলেন, ‘বারবার জামায়াতে ইসলামের পাতা ফাঁদে আমরা পা দিচ্ছি। তাঁদের বিচার দীর্ঘায়িত ও বিলম্বিত করার যে কৌশল, তাতেই পা দিচ্ছে সরকার। নিজামীর রায়ের তারিখ ঘোষণার পরও রায় না হওয়া স্পষ্টতই একটি ষড়যন্ত্র।’
ট্রাইব্যুনালে সে দিন যে নিজামীর রায় হবে না, সেটা জামায়াতে ইসলাম আগেই জেনে যাওয়ায় এটা স্পষ্ট যে, সরষের ভেতরেই ভূত রয়েছে।
এক প্রশ্নের জবাবে গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, অবশ্যই ট্রাইব্যুনালের দুর্বলতা রয়েছে। প্রসিকিউশনের দুর্বলতা প্রসঙ্গে তিনি বলেন, সাঈদীর মামলায় মধুসূদন ঘরামিকে অসুস্থ অবস্থায় সাক্ষ্য দেওয়ানো হয়েছে। কিন্তু নিজামীর মামলার কৌঁসুলিরা ট্রাইব্যুনালে যখন অসুস্থতার অজুহাত দেখাল, তখন ডিফেন্স বা প্রসিকিউশন থেকে কোনো প্রতিবাদ করা হয়নি।
গণজাগরণ ঘরে ঘরে কর্মসূচির ৩০তম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে গণসংযোগ করেন মঞ্চের কর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিককে দিয়ে এদিন কর্মসূচি শুরু করেন তাঁরা। গত এক মাসে রাজধানী ঢাকা ছাড়াও গাজীপুর, মানিকগঞ্জ ও নরসিংদীতে প্রচারণা চালিয়েছেন মঞ্চের নেতা-কর্মীরা। আগামী তিন মাসে প্রাতিষ্ঠানিক গণসংযোগ ও দেশের বাকি ৬১টি জেলা সফরের টার্গেট করেছে গণজাগরণ মঞ্চ।