'নিজামীর সিদ্ধান্তে ছাত্রসংঘ আলবদরে পরিণত হয়েছিল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা ন ব তা বি রো ধী অ প রা ধে র বি চা র
মা ন ব তা বি রো ধী অ প রা ধে র বি চা র

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তি উপস্থাপনকালে রাষ্ট্রপক্ষ বলেছে, একাত্তরে মুক্তিযুদ্ধকালে জামায়াতের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসংঘ পাকিস্তানি সেনাদের সহযোগী আলবদর বাহিনীতে পরিণত হয়েছিল। ছাত্রসংঘের তৎকালীন সভাপতি নিজামী এ সিদ্ধান্ত নিয়েছিলেন।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল সোমবার যুক্তি উপস্থাপনকালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী এ কথা বলেন। নিজামী এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন। নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে মোহাম্মদ আলী বলেন, নিজামী আলবদর বাহিনীর প্রধান ছিলেন এবং আলবদরকে বিভিন্ন অপরাধ সংঘটনে তিনি উসকানি দিয়েছেন। একাত্তরের ঘাতক ও দালালরা কে কোথায় বইটি উদ্ধৃত করে তিনি বলেন, একাত্তরের ২ আগস্ট চট্টগ্রাম ইসলামী ছাত্রসংঘের উদ্যোগে স্থানীয় মুসলিম ইনস্টিটিউটে আয়োজিত ছাত্রসমাবেশে আলবদর প্রধান নিজামী বলেন, ‘দেশপ্রেমিক জনগণ যদি ১ মার্চ থেকে দুষ্কৃতকারীদের মোকাবিলায় এগিয়ে আসত তবে দেশে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না।...মুসলমানরা যখন ব্যর্থ হলো তখন আল্লাহ সেনাবাহিনীর মাধ্যমে দেশকে রক্ষা করেছেন।’
রবীন্দ্রনাথ ত্রিবেদীর লেখা একাত্তরের দশ মাস বই উদ্ধৃত করে রাষ্ট্রপক্ষের এই কৌঁসুলি বলেন, একাত্তরের ৪ আগস্ট চট্টগ্রামে ইসলামী ছাত্রসংঘের মিছিলে নিজামী উসকানিমূলক বক্তব্য দেন। ওই বইতে দৈনিক সংগ্রামকে উদ্ধৃত করে নিজামীকে আলবদর প্রধান বলা হয়েছে। ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত নিজামী পূর্ব পাকিস্তান ছাত্রসংঘের সভাপতি ছিলেন। পরে তিনি নিখিল পাকিস্তান ছাত্রসংঘের সভাপতি হন এবং একাত্তরের অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন। তাঁর উত্তরসূরি হিসেবে অক্টোবরের পর দায়িত্ব পালন করেন বর্তমানে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ। মানবতাবিরোধী অপরাধের দায়ে তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

নিজামীর বিরুদ্ধে মামলায় গত রোববার রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শুরু হয়েছে। গতকাল যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।

এইচআরডব্লিউর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি ৮ ডিসেম্বর: গতকাল একই ট্রাইব্যুনাল যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানির জন্য ৮ ডিসেম্বর দিন পুনর্নির্ধারণ করেন।

গতকাল এইচআরডব্লিউর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী আসাদুজ্জামান শুনানি মুলতবির আরজি জানিয়ে বলেন, তাঁর মক্কেল এখনো কারণ দর্শানো নোটিশের অনুলিপি পাননি। পরে ট্রাইব্যুনাল শুনানি মুলতবির আবেদন মঞ্জুর করেন।

গত ২ সেপ্টেম্বর এই ট্রাইব্যুনাল এইচআরডব্লিউর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে কারণ দর্শানো নোটিশ দেন। গোলাম আযমের বিরুদ্ধে মামলার রায় নিয়ে এইচআরডব্লিউর একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে অবমাননার ওই অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ।