‘নিজেই কম্পিউটার জানেন না, মোগো কী পড়াইবে’
‘ছাত্রছাত্রীদের টাইপ শেখানো হয়, কিবোর্ড দিয়ে টাইপিং কোর্স। এর আবার নাম কী?’কম্পিউটার বিষয়ে ছাত্রছাত্রীদের কোন বিষয়ের ওপর পাঠদান করা হয়—এমন প্রশ্নের জবাবে এভাবেই উত্তর দেন গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার শাখায় নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষক সৈয়দা সুরাইয়া নাসরীন।রাজনৈতিক বিবেচনায় নিয়োগবিধি লঙ্ঘন করে দক্ষতাবিহীন লোকজনকে নিয়োগ দেওয়ায় গৌরনদী উপজেলার বেসরকারি মাধ্যমিক স্কুল ও কলেজের কম্পিউটর শিক্ষার বেহাল লক্ষ করা গেছে। ১৩ থেকে ২০ ফেব্রুয়ারি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে এ চিত্র দেখা যায়।গৌরনদীর ৩৮টি প্রতিষ্ঠানে ১৪২টি কম্পিউটার রয়েছে। এর মধ্যে চালু না থাকায় ৪৪টি কম্পিউটার অকেজো হয়ে পড়েছে। ১৫ ফেব্রুয়ারি গৌরনদী গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজে গিয়ে জানা যায়, কলেজে ১২টি কম্পিউটার রয়েছে। এর মধ্যে তিনটি অকেজো। কলেজ শাখায় ২০০৪ সালে রত্না হেনা ও স্কুল শাখায় আজমিন নাহারকে নিয়োগ দেওয়া হয়।অধ্যক্ষ মীর আবদুল আহসান আজাদ জানান, রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া শিক্ষকেরা কম্পিউটার সম্পর্কে অদক্ষ। তাঁরা শিক্ষার্থীদের পাঠদানেও অযোগ্য। নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের কম্পিউটার জ্ঞান সম্পর্কে কোনো ধারণা নেই। ১ ফেব্রুয়ারি ক্লাস নেওয়ার জন্য লিখিতভাবে নোটিশ দেওয়া হলে আজমিন নাহার স্কুলে অনুপস্থিত রয়েছেন। অভিযোগের ব্যাপারে আজমিন নাহার বলেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার শাখার সহকারী শিক্ষক সৈয়দা সুরাইয়া নাসরীন। ওইস্কুেলর ম্যানেজিং কমিটির সদস্য ও একাধিক সহকারী শিক্ষক অভিযোগ করেন, আগের ম্যানেজিং কমিটি রাজনৈতিক বিবেচনায় ডোনেশন গ্রহণ করে নিয়োগ দিয়েছে। সৈয়দা সুরাইয়া নাসরীন এ অভিযোগ অস্বীকার করেন।১৭ ফেব্রুয়ারি হোসনাবাদ আলিয়া মাদ্রাসায় গিয়ে জানা যায়, ২০০৪ সালে এ মাদ্রাসায় কম্পিউটার শাখায় সহকারী শিক্ষক হিসেবে মো. মাহাবুব হোসেনকে নিয়োগ দেওয়া হয়। মাদ্রাসার দশম শ্রেণীর শিক্ষার্থী রাজিয়া আক্তার ও মো. ইউসুফ হোসেন বলে, ‘স্যারে নিজেই কম্পিউটার বিষয়ে কিছুই জানে না, মোগো কী পড়াইবে।’মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো. ফজলুল মৃধা এর সত্যতা স্বীকার করে বলেন, নিয়োগবিধি লঙ্ঘন করে সরকারি অনুমোদনবিহীন প্রতিষ্ঠানের সনদ জমা দিয়ে কম্পিউটার শিক্ষক মাহাবুব চাকরি নেন। তাঁর এ সম্পর্কে কোনো জ্ঞান নেই। দীর্ঘদিন তিনি স্কুলে অনুপস্থিত রয়েছেন। অভিযোগের ব্যাপারে মাহাবুবের সঙ্গে যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি।গৌরনদী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সহিদুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানগুলোতে যেভাবে কম্পিউটার শিক্ষার প্রসারতা লাভ করা উচিত ছিল, সে তুলনায় অনেকটাই পিছিয়ে।গৌরনদী একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ বলেন, কম্পিউটার ও শিক্ষকসহ সব ধরনের সুযোগ থাকা সত্ত্বেও শিক্ষকদের অদক্ষতায় মুখ থুবড়ে পড়েছে এ শিক্ষা।বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা কাজী মনোয়ার হোসেন সব শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে শিক্ষার বেহাল অবস্থা দেখতে পেয়ে গত ২৯ ডিসেম্বর এ বিষয়ে সব প্রতিষ্ঠানে পত্র পাঠান। পত্রে বলা হয়, কম্পিউটার শিক্ষা বিষয় থাকা সত্ত্বেও ন্যূনতম শিক্ষার্থী নেই, অথচ জনবল কাঠামোতে একজন করে শিক্ষক রয়েছে। কাঙ্ক্ষিত শিক্ষার্থী না থাকলে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকের বেতনভাতাদি প্রাপ্য নয়। নবম ও দশম শ্রেণীতে কাঙ্ক্ষিত শিক্ষার্থী না থাকলে ভবিষ্যতে সংশ্লিষ্ট শিক্ষকের এমপিও স্থগিত করার ব্যবস্থা নেওয়া হবে। এ প্রসঙ্গে কাজী মনোয়ার হোসেন বলেন, ‘আমার যা বলার, তা পত্রেই বলা হয়েছে।’