'নিজেকে কখনো বরখাস্ত মনে হয় না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। জনগণ আমাকে কখনো বরখাস্ত বা বহিষ্কার করবে না। আমি আমার কাজ দিয়ে সেই নিশ্চয়তা অর্জন করেছি। তাই নিজেকে কখনো বরখাস্ত মনে হয় না।’ জামিনে মুক্ত হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী এ কথা বলেন।
প্রায় দুই বছর কারাভোগ করে গত বুধবার সন্ধ্যার আগে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন আরিফুল হক। তাঁর মুক্তিলাভের প্রায় আড়াই ঘণ্টা পর বুধবার রাত সাড়ে আটটায় একই মামলায় কারাবন্দী হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জি কে গউছকে কারাফটকে গিয়ে অভ্যর্থনা জানানোর সময় সাংবাদিকদের এ কথা বলেন আরিফুল। আরিফুল হক চৌধুরী সিলেটের কারাফটকে গিয়ে গউছকে মালা পরিয়ে গ্রহণ করেন। পরে সেখান থেকে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর দরগাহ জিয়ারত করে নগরের কুমারগাঁও আরিফুল হকের বাসায় যান গউছ। রাতে গউছের ঘনিষ্ঠজনেরা তাঁকে নিয়ে হবিগঞ্জ রওনা করেন।
একই মামলায় অভিযুক্ত হয়ে দুই বছর ধরে দুজনই একই সঙ্গে কারাবন্দী ছিলেন। তাঁরা মেয়র পদ থেকে একই সঙ্গে সাময়িক বরখাস্তও হন।
এদিকে আরিফুল হক চৌধুরী গতকাল বৃহস্পতিবার সকালে চিকিৎসার জন্য ঢাকা গেছেন।