‘নিজের গাওত দিবার মতো কিছু নাই, গরুক কী দেই’
‘জ্বরোত আর বাঁচি না বাহে। দিনে-রাইতে খালি বাতাস আর বাতাস। ঘরের বাইরে বার হওয়া যায় না। রাইতোত বাতাসের ঠেলায় ঘরোত থাকা যায় না। খ্যাতা কোনা জড়ে নিয়া টোপলা হয়া থাকি।’ কথাগুলো বললেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার চর মোহাম্মদপুরের বাসিন্দা ময়না বেওয়া (৬২)।হাড়কাঁপানো শীতে কুড়িগ্রামের চরবাসীর অবস্থা কাহিল হয়ে পড়েছে। সেই সঙ্গে বইছে হিমেল হাওয়া। জেলার ৪২০টি চরের বেশির ভাগ মানুষ অত্যন্ত দরিদ্র। এসব চরের প্রায় আট লাখ মানুষ তীব্র শীতে কষ্ট পাচ্ছে। গত দুই সপ্তাহের শৈত্যপ্রবাহ শেষে তিন দিন পর সূর্যের মুখ দেখা গেলেও গত শনিবার থেকে কুড়িগ্রাম জেলায় আবার শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এবারও দুই দিন ধরে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। হাসপাতালগুলোয় শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, শীতজনিত রোগে জেলায় দুই সপ্তাহে ৩২ জন মারা গেছে।গত সোমবার চর মোহাম্মদপুরে সরেজমিনে দেখা যায়, পুরো এলাকা কুয়াশায় ঢাকা। দূরে তাকালে কিছুই দেখা যায় না। চরে খড়ের ছোট ছোট ঘর। দুপুর ১২টার দিকে ময়না বেওয়া ঘরে চুলার পাশে বসে আছেন।চরের প্রায় প্রতিটি বাড়ির সামনে দু-একটি করে গুরু-ছাগল বাঁধা। তীব্র শীতে এরাও জড়সড় হয়ে আছে। সাবান আলী (৩৪) নামের একজন বলেন, ‘গরু-ছাগলগুলার শীতত খুব কষ্ট হইতেছে। নিজের গাওত দিবার মতো কিছু নাই, গরুক কী দেই।’কিছু দূর গেলে দেখা হয় চর মোহাম্মদপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজের সঙ্গে। তিনি জানান, চরের দুই শতাধিক পরিবারই গরিব। গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছে তারা, বিশেষ করে শিশুরা। শীতের কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়েও আসতে চায় না।কদভানু (৬৭) বলেন, ‘শীতের চোটে রাইতোত নিন্দ আইসে না। কয়দিন আগোত জ্বরোত (জ্বরে) পড়ছুনু, খুব কষ্ট হইছে। ডাক্তার নাই, ট্যাকা নাই। অমনে ভালো হইছি।’শুধু এ চরেই নয়, সুখেরবাতি, প্যারারচর, কালির আলগা, তিনহাজারী, সাহেবের আলগা ও প্রথম আলোসহ বিভিন্ন চরের মানুষের অবস্থা প্রায় একই। কয়েকটি চর ঘুরে দেখা গেছে, হিমেল হাওয়ায় মানুষ সর্দি-জ্বর ও কাশিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। স্থানীয় লোকজন জানান, বিভিন্ন রোগে আক্রান্ত হলেও চরে চিকিৎসক পাওয়া যায় না। মাঝেমধ্যে এনজিওর চিকিৎসকেরা এসে চিকিৎসা দিয়ে যান।উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হোসেন জানান, চরের মানুষ ও গবাদিপশুর তেমন কোনো চিকিৎসা পাওয়া যায় না। তিনি আরও জানান, অসুস্থ হলে চরের অল্পসংখ্যক মানুষ নৌকা ভাড়া করে স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে পারে।জেলা পশুসম্পদ কর্মকর্তা আবুল হোসেন বলেন, ‘আমাদের লোকবল কম। তার পরও চরাঞ্চলে চিকিৎসা দিয়ে থাকি।’ সিভিল সার্জন রিয়াজুল ইসলাম জানান, শীতের কারণে কুড়িগ্রামে সব চিকিৎসক-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। চরাঞ্চলে স্বাস্থ্য সহকারীরা চিকিৎসা দিতে যান এবং ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া বিভিন্ন এনজিওর মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, এ পর্যন্ত তিনি আট হাজার ৬৫০টি শীতবস্ত্র পেয়েছেন। এর মধ্যে সব কটি বিতরণ করা হয়েছে। আরও বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছে।