
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ উদ্যোক্তা ও লেখক সাবিরুল ইসলাম বলেছেন, ‘নিজের পথচলা নিয়ে দূরদৃষ্টি থাকতে হবে। ১০ বছর পর একজন নিজেকে কোথায় দেখতে চান, তাঁর উচিত এখনই সে লক্ষ্য নির্ধারণ করা এবং সেভাবেই কাজ করা। ইতিবাচক চিন্তা ও আত্মবিশ্বাসের মাধ্যমে লক্ষ্যে পৌঁছাতে হবে।’
গতকাল সোমবার বিকেলে চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে সাবিরুল এসব কথা বলেন। ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, রোটারি ক্লাব অব চিটাগং মহানগর, ইকোনমিকস অ্যান্ড ফিন্যান্স ক্লাস্টার, সিআইইউ যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের গণমাধ্যম সহযোগী ছিল প্রথম আলো ও চ্যানেল আই।
অনুষ্ঠানে বিশ্বজোড়া খ্যাতিসম্পন্ন তরুণ উদ্যোক্তা ও বক্তা সাবিরুল নিজের জীবনের গল্প ও সাফল্যের কাহিনি শিক্ষার্থীদের শোনান। তিনি বলেন, ‘বাংলাদেশে রয়েছে হাজারো সমস্যা। নতুন সমস্যা সমাধানে নতুন ধারণা নিয়ে এগিয়ে আসতে হবে যুবসমাজকে। সফল হওয়ার ক্ষেত্রে দেশ, ধর্ম ও সংস্কৃতি বাধা হতে পারে না। তরুণ বয়স থেকেই নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে হবে।’
সাবিরুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রতিদিনই নিজের নির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে এবং সেটাকে বাস্তব রূপ দিতে কাজ করতে হবে। পূর্বনির্ধারিত লক্ষ্য অনুযায়ী কর্মপরিকল্পনা নিতে হবে। নিজেকে আবিষ্কার করতে হবে। যে কাজটি করে আনন্দ পাওয়া যায়, সেটা করা উচিত। আনন্দের সঙ্গে প্রতিটি কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সিআইইউয়ের সহ-উপাচার্য অধ্যাপক ইরশাদ কামাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তৌহিদ সামাদ, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। নিজের বক্তব্য শেষে সাবিরুল শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এর আগে গতকাল সকালে চট্টগ্রাম নগরের এলজিইডি ভবনের কনভেনশন সেন্টারে চট্টগ্রাম রোটারি ক্লাবের সহযোগিতায় একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে সাদার্ন বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন আ ন ম আবদুল মোক্তাদীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ সরওয়ার জাহান, সহ-উপাচার্য প্রফেসর শরীফুজ্জামান, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ইসরাত জাহান, মহিউদ্দিন খালেদ, প্রকৌশলী আলী আশরাফ, রেজিস্ট্রার মন্তাজুল ইসলাম প্রমুখ।