'নিজেরাই তাপসকে হত্যা করে আমাদের ওপর দোষ চাপাচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাপস সরকার
তাপস সরকার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাপস সরকার হত্যাকাণ্ডের তিন দিনের মাথায় মুখ খুলেছেন তাঁকে হত্যার অভিযোগ ওঠা ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন ভিএক্স (ভার্সিটি এক্সপ্রেস) পক্ষের কর্মীরা। তাপসকে ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগের নেতারা হত্যা করেছেন বলে অভিযোগ তুলেছেন তাঁরা।
আজ বুধবার সংবাদ সম্মেলন করে এই অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় ও পুলিশ কর্তৃপক্ষকে ছয় দফা দাবি দিয়েছে ভিএক্স। এসব দাবি আগামী শনিবারের মধ্যে মেনে নেওয়া না হলে রোববার থেকে লাগাতার অবরোধের হুমকি দেওয়া হয়।
দুপুরে চট্টগ্রাম নগরের প্রেসক্লাবে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সংবাদ সম্মেলন করেন ভিএক্স পক্ষের জুনিয়র কর্মীরা। এই সংবাদ সম্মেলনের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ে কর্মরত কোনো সাংবাদিককে আগে কিছু জানানো হয়নি। তবে পরে ছয় দফা দাবিসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সাংবাদিকদের ই-মেইলে পাঠিয়েছেন তাঁরা।
ফুল হাতে পাশাপাশি, এক ঘণ্টা পর খুন
ছাত্রলীগের এই পক্ষের ছয়টি দাবি হলো—সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ছাত্রলীগের সমর্থক নিহত তাপস সরকারের মূল হত্যাকারীদের বিচার; হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইলকে অপসারণ; হত্যার মূল পরিকল্পনাকারী রাকিব, অমিত ও সুমন মামুনদেরকে গ্রেপ্তার; ক্যাম্পাসের বাইরে থাকা ছাত্রলীগের কর্মীদের হলে অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত; আগে আটক নেতা-কর্মীদের মুক্তি এবং তাঁদের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র ও হত্যা মামলা প্রত্যাহার করা।

ভিএক্স পক্ষের কর্মী মোহাইমিনুল হক ফয়সাল স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমাদের দৃঢ় বিশ্বাস সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগ পক্ষের ক্যাডার রাকিব হোসেনই তাপস সরকারকে হত্যা করেছে। অমিত কুমার বসু, সুমন মামুন ও শাহাদাত হোসেনরা তাপসকে খুন করে যারা প্রকৃত ছাত্রলীগ করে তাদের ওপর দোষ চাপিয়ে দিচ্ছে এখন।’

সংঘর্ষের দিন পুলিশ প্রশাসন নগ্নভাবে একতরফা সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগ পক্ষের হয়ে কাজ করেছে, এ অভিযোগ তুলে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে ভিএক্স পক্ষের নেতা-কর্মীদের ওপর হামলায় সাহায্য করেছেন।’ তাঁরা তাপস হত্যার বিচার চান উল্লেখ করে বলেন, ‘গোয়েন্দা বিভাগ এ ঘটনার দায়িত্ব নিতে পারে।’