'নিঝুম দ্বীপ' এলাকায় ভূমি বরাদ্দে নিষেধাজ্ঞা
নোয়াখালীর জেলার হাতিয়ায় সংরক্ষিত বনভূমি ‘নিঝুম দ্বীপ’ এলাকায় ভূমি বরাদ্দ ও সেখানে যেকোনো ধরনের স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা জারি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।
নিঝুম দ্বীপের বনভূমি রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আবু বকর ও স্থানীয় এক ব্যক্তি ওই রিটটি করেন। আজ রিটের ওপর শুনানি হয়। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম বদরুদ্দোজা। সঙ্গে ছিলেন আইনজীবী মাহমুদ হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি।
রুলে ওই সংরক্ষিত বনভূমি রক্ষা ও উন্নয়নে বিবাদীদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং ওই দ্বীপে দেওয়া ভূমি বরাদ্দ কেন বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, পরিবেশ ও বনসচিব, ভূমিসচিব, প্রধান বন সংরক্ষক, পুলিশের মহাপরিদর্শক, নোয়াখালীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ১৭ জনকে বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
পরে আইনজীবী এম বদরুদ্দোজা প্রথম আলোকে বলেন, ২০১২ সালের ১৯ নভেম্বর সরকার এক প্রজ্ঞাপনে নিঝুম দ্বীপকে সংরক্ষিত বনভূমি হিসেবে ঘোষণা করে। তবে ওই বনভূমিতে স্থানীয়দের বেআইনিভাবে ভূমি বরাদ্দ দেওয়া হচ্ছে, অবাধে গাছ কাটা হচ্ছে। তাই জনস্বার্থে বনভূমি ও প্রাণিসম্পদ রক্ষার্থে রিটটি করা হয়। আদালত ওই এলাকায় অবৈধ দখলদারের তালিকা এবং পুরো দ্বীপে ভূমির অবস্থান জানিয়ে চার মাস পর পর আদালতে প্রতিবেদন দাখিল করতে জেলা রেজিস্ট্রার ও সহকারী কমিশনারসহ (ভূমি) বিবাদীদের নির্দেশ দিয়েছেন।