ওয়াশিংটন টাইমস পত্রিকায় খালেদা জিয়ার নামে প্রকাশিত নিবন্ধ নিয়ে ‘প্যাঁচানোর’ চেষ্টা না করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ আহ্বান জানান। তিনি দাবি করেন, খালেদা জিয়ার নামে ছাপা হওয়া ওই নিবন্ধটি জালিয়াতি ও ষড়যন্ত্রমূলক। নির্বাচনকে প্রভাবিত করতে সরকার এই কৌশল অবলম্বন করেছে। এ ক্ষেত্রে খালেদা জিয়ার সই নকল করা হয়েছে।তাহলে প্রকাশিত হওয়ার পর ওই নিবন্ধনের সমর্থনে বিএনপির একাধিক নেতা বক্তব্য দিয়েছিলেন কেন? আর বিএনপির পক্ষ থেকেও এত দিন কোনো আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়নি কেন? সাংবাদিকদের এসব প্রশ্নের জবাবে রিজভী দাবি করেন, ‘শুরু থেকে বিএনপি ওই নিবন্ধের প্রতিবাদ করে আসছে। এখনো করছে। এটা নিয়ে প্যাঁচানোর চেষ্টা করবেন না।’প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি ওয়াশিংটন টাইমস-এ ‘দ্য থ্যাঙ্কসলেস রোল ইন সেভিং ডেমোক্রেসি ইন বাংলাদেশ, করাপশন অ্যান্ড স্টিলিং থ্রেটেন আ ওয়ানস ভাইব্রেন্ট নেশন’ শীর্ষক একটি নিবন্ধ প্রকাশিত হয়। ওই নিবন্ধের নিচে লেখকের পরিচিতি হিসেবে লেখা ছিল, ‘বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ ও বর্তমানে সংসদের বিরোধীদলীয় নেতা’।গত ২৯ জুন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া জাতীয় সংসদে বাজেট আলোচনায় বলেন, ওই নিবন্ধ তাঁর নয়।গত মঙ্গলবার রাতে বাংলাদেশের একাত্তর টিভিকে মার্কিন দৈনিকটির নির্বাহী সম্পাদক ডেভিড এস জ্যাকসন বলেন, এজেন্টের মাধ্যমে পাওয়া নিবন্ধটি যে খালেদা জিয়ার—এ ব্যাপারে নিশ্চিত হয়েই তা ছাপা হয়েছে। গাজীপুর নিয়ে অভিযোগ: সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ অভিযোগ করেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন প্রভাবিত করতে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের ব্যবহার করা হচ্ছে। বিএনপির এই নেতা গাজীপুরে মেয়র পদপ্রার্থী আজমত উল্লার পক্ষে নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী প্রচারে অংশ নেওয়ার সমালোচনা করে বলেন, দায়িত্ব পালনরত একজন মেয়র এভাবে প্রচারে অংশ নিতে পারেন না। তিনি অভিযোগ করেন, একটি বিশেষ সংস্থার লোকজন ‘খালেদার হাত থেকে পোশাকশিল্প রক্ষা করো’ শিরোনামে একটি প্রচারপত্র বিলি করছে।