'নিমেষেই সব শ্যাষ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝড়ের কারণে বগুড়া শহরে গত শনিবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ​ ও পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে শহরে পানির জন্য হাহাকার চলছে। গতকাল সন্ধ্যায় শহরের শেরপুর লতিফপুর কলোনি এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
ঝড়ের কারণে বগুড়া শহরে গত শনিবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ​ ও পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে শহরে পানির জন্য হাহাকার চলছে। গতকাল সন্ধ্যায় শহরের শেরপুর লতিফপুর কলোনি এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

‘সাঁঝের বাতি তখনো ঘরত জ্বলেনি। হঠাৎ মেঘ কালো করে আসলো। সঙ্গে সঙ্গে দমকা হাওয়া। কোনো কিছু বুঝে ওঠার আগেই শুরু হলো ঝড়ের তাণ্ডব। মনে হচ্ছিল দুনিয়া উল্টে যাচ্চে। হুম হুম শব্দ। সঙ্গে শিলাবৃষ্টি। বাঁশঝাড়, গাছপালা সব ভেঙে পড়িচ্চে। ঘরবাড়ি লন্ডভন্ড হচ্চে। মা ভয়ে টিনের বেড়ার ঘরত ঢুকে চৌকির উপর বসে আচ্চিল। হুম হুম বাতাসের শব্দে মোটা আমগাছ ভাঙে পড়ল টিনের ঘরে। ঘর ভেঙে পড়ল। মা ঘরের ভিতর চাপা পড়ল। হামি কই, মা তুই কোনটে মা? মা কয় বাপ হামি টিনের নিচে চাপা পড়িচি। হামি কই মা একটু দাঁড়াও হামি তোমাক বাইর করিচ্চি। সঙ্গে সঙ্গে টিন কাটে মাকে বাইর করে আননো। কিছুক্ষণ পর মা ঘুমিয়ে পড়ল। আর উঠল না। নিমেষেই সব শ্যাষ হয়্যা গেল।’
বগুড়ার শাজাহানপুর উপজেলার ঘাসিরা গ্রামে বসতবাড়ির সামনে মায়ের লাশের পাশে দাঁড়িয়ে এভাবেই ঝড়ে নিহত রাবেয়া বেগমকে (৬৫) উদ্ধারের বর্ণনা দিচ্ছিলেন তাঁর ছেলে আবদুর রহিম (৪৮)।
প্রতিবেশী আবদুল মান্নান (৬২) ঝড়ের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘হামার জীবনে ইংকা ভয়ংকর ঝড় আর কখনো দেকিনি। এডা ভয়ংকর, বীভৎস। চোকের সামনে গাছপালা, ঘরবাড়ি সব ম্যাচাকার।’
বগুড়া শহরের বউবাজার এসপি ব্রিজের পাশে একটি টিনের ঝুপড়িঘরে আশ্রয় নিয়েছিলেন রিকশাচালক নজরুল ইসলামের স্ত্রী ময়না বেগম। ময়নাদের বাড়ি গাইবান্ধার লক্ষ্মীপুর। স্বামী নজরুল ইসলাম সিলেট শহরে গেছেন রিকশা চালাতে। বাড়িতে বৃদ্ধ চাচি আজিরন বিবি আর কোলে পাঁচ সন্তান নিয়ে সন্ধ্যার আগে বসে ছিলেন তিনি ঝুপড়িঘরে। ঝড় শুরু হলে প্রথমে ঘরের টিন উড়ে যায়। এরপর ছোট শিশুদের নিয়ে ময়না আশ্রয় নেন করতোয়া নদীর তীরে একটি গাছের নিচে। হঠাৎ পাশের একটি ইটের দেয়াল ঝড়ে ধসে যায়। দেয়ালচাপা পড়ে মারা যায় কোলের আড়াই মাসের শিশু নীলা ও আজিরন বিবি।
রোববার দুপুরে বউবাজার বস্তিতে গিয়ে দেখা গেছে, শোকে বাকরুদ্ধ ময়না বিবি। কোলের শিশুসন্তান ও চাচির লাশ দাফন করা হয়েছে পাশের কবরস্থানে। চার সন্তান নিয়ে করতোয়া নদীর পাড়ে বসে ছিলেন তিনি। ময়না বলেন, ‘হঠাৎ ঝড়, প্রথমে টিন উড়ে লিয়ে গেল। বাঁচার জন্যি গাছের নিচে দাঁড়ানো। হঠাৎ দেওয়াল ধসে পড়ল। চোখের সামনে বুকের ধন আর চাচি মারা গেল।’
শহরতলির মাদলা বাজারের শতবর্ষী প্রাচীন গাছসহ ঘরবাড়ি, গাছপালা সব লন্ডভন্ড হয়ে গেছে। মাদলা গ্রামের কৃষক হায়দার আলী বলেন, ঝড় সব লন্ডভন্ড করে দিল। তিন পুরুষের পুরানো পাইকড়গাছটাও রক্ষা পেল না ঝড় থেকে। মাদলা গ্রামের বাসিন্দা আফজাল হোসেন বলেন, ‘চোখের সামনে সব লন্ডভন্ড হয়ে গেল। বাড়িঘর, গাছপালা সব শ্যাষ হয়্যা গেল। কোনোরকমে জীবন বাঁচাবার পারলেও অন্য কিছুই বাঁচাবার পারলাম না।’
শহরতলির সাবগ্রাম বজরুকবাড়িয়ার বিদ্যুতের খুঁটি গিয়ে ঝুলে আছে একটি গাছের ডালে। পাশের ফাতেমা ফিলিং স্টেশনের সামনে মুঠোফোনের টাওয়ারের মাঝামাঝিতে আটকে আছে বসতবাড়ির টিনের চাল।