ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল
'নিম্নমানের' খাবার দেওয়ায় ছাত্রীদের প্রতিবাদ, দুই শিক্ষকের পদত্যাগ
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশেষ খাবারের কথা বলে ‘নিম্নমানের’ খাবার দেওয়ায় তা ফেরত দিয়ে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীরা। ছাত্রীদের দাবির মুখে গতকাল বৃহস্পতিবার হলের দুই আবাসিক শিক্ষক পদত্যাগ করেছেন।
পদত্যাগ করা শিক্ষক দুজন হলেন মার্কেটিং বিভাগের উসমিতা আফরোজ এবং তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের রওশন আক্তার। ছাত্রীদের অভিযোগ, ওই দুই শিক্ষক ছাত্রীদের সঙ্গে ‘বাজে ব্যবহার’ করেছেন। দুই শিক্ষকের পদত্যাগপত্র জমা দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী। কিন্তু তা গৃহীত হয়েছে কি না, তা জানা যায়নি।
রোকেয়া হলের একাধিক জ্যেষ্ঠ ছাত্রী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, প্রতিবছর ১ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে দুপুরে হলে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। কিন্তু গত বছর রমজানের মধ্যে বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়। এর ফলে সেবার রাতে খাবারের ব্যবস্থা করা হয়। এ বছরও ছাত্রীরা ধারণা করেছিলেন, রাতে খাবারের ব্যবস্থা করা হবে। এ জন্য হল কর্তৃপক্ষ কয়েক দিন আগে থেকেই বিজ্ঞপ্তি দিয়ে টোকেন সংগ্রহ করার কথা বলে।
কিন্তু শিক্ষার্থীরা খাবার আনতে গিয়ে দেখেন, এবার হলের পক্ষ থেকে শুধু ইফতারের ব্যবস্থা করা হয়েছে। ইফতারের মেন্যুতে ছিল মুড়ি, ছোলা, আম, জিলাপি আর বেগুনি। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা খাবার না নিয়েই চলে যান। প্রাধ্যক্ষকে না পেয়ে অনেকে খাবার এনে সেগুলো আবাসিক শিক্ষকদের বাসার সামনে রেখে আসেন। তখন ওই দুই শিক্ষক তাঁদের সঙ্গে বাজে ব্যবহার ও গালিগালাজ করেন। তাঁদের হল থেকে বের করে দেওয়ার হুমকি দেন।
প্রাধ্যক্ষ এলে ছাত্রীরা তাঁর কার্যালয়ের সামনে প্রাধ্যক্ষ ও ওই দুই শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ করেন। রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সেখানে যান। তারপরও শিক্ষার্থীরা শান্ত না হলে রাত দুইটার দিকে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সেখানে গিয়ে সব ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।