'নিয়োগ-বাণিজ্য' শুনতে হাইকোর্টের বিশেষ বেঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথাকথিত ‘নিয়োগ-বাণিজ্য’সংক্রান্ত এক অভিযোগের বিষয়ে শুনানিকালে দেশের সর্বোচ্চ আদালত কার্যত কঠোর মনোভাব দেখিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঁচ হাজারের বেশি কর্মীকে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একটি রিটের শুনানি জরুরি ভিত্তিতে নিষ্পত্তি হতে যাচ্ছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ আজ এক আদেশে এ জন্য একটি বিশেষ বেঞ্চ গঠনের আদেশ দিয়েছেন। এটি একটি বিরল বিচারিক আদেশ বলেই প্রতীয়মান হচ্ছে।

তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের স্বচ্ছতাবিষয়ক এই সিদ্ধান্তের সফল পরিসমাপ্তি ঘটলে তা রাষ্ট্রের আরও উচ্চপর্যায়ের নিয়োগের স্বচ্ছতা বিষয়ে আইনি লড়াইয়ের পথ সুগম করতে পারে। আমরা সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তকে তাই স্বাগত জানাই। এই রিটে নিয়োগ-প্রক্রিয়াটি অবৈধ ঘোষিত হলে নিয়োগ লাভে আগ্রহী প্রায় তিন লাখ মানুষ প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে পারবে। তবে এটাও একটা বড় প্রশ্ন যে, এই বিপুল কর্মীবহরের প্রয়োজন কতটা ছিল।

কারণ, রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ অঙ্গে লোকবল কত লাগবে, তা নির্দিষ্ট না করে উদ্বেগজনক পাইকারি নিয়োগের ধারাবাহিক বেপরোয়া ও অস্বচ্ছ অনুশীলন চোখে পড়ে।  

গত ২৩ সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুটি অধিদপ্তরে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর পাঁচ হাজারের বেশি পদে নিয়োগ-প্রক্রিয়ার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে ওই দুটি নিয়োগ-প্রক্রিয়া কেন অবৈধ বলে বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। এরপর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ওই স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার জজের কাছে আবেদন করলে তা মঞ্জুর হয়। এতে নিয়োগ-প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট মহলের মধ্যে বেশ একটা খোশ মেজাজ দেখা গিয়েছিল।  নিয়োগ-প্রক্রিয়ার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ভিড়ও লক্ষ করা যায় আদালতের চত্বরে। ওই নিয়োগের বিরুদ্ধে অভাবনীয় জাল-জালিয়াতির খবর ‘প্রথম আলো’সহ বিভিন্ন পত্রপত্রিকায় অনেক আগেই ছাপা হয়েছিল। আপিল বিভাগের চেম্বার জজ অবশ্য ওই সন্দেহভাজন নিয়োগ-প্রক্রিয়ার বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেছিলেন। আজ ছিল সেই শুনানির দিন।

এটা কৌতূহলোদ্দীপক যে, অ্যাটর্নি জেনারেলকে জাতীয় সংসদে পাস হওয়া আদালত অবমাননা আইনের বৈধতা চ্যালেঞ্জের মামলায় নিষ্ক্রিয় দেখা গেলেও নিয়োগের স্বচ্ছতাসংক্রান্ত মামলায় যেখানে হাইকোর্ট মাত্র তিন মাসের জন্য একটি স্থগিতাদেশ দিয়েছেন, সেখানে তাঁকে অত্যন্ত সক্রিয় দেখা গেছে। এই অন্তর্বর্তীকালীন আদেশ রদ করতে তিনি নিজেই চেম্বার জজের আদালতে শুনানিতে অংশ নেন। আবার সেই স্থগিতাদেশ যাতে অব্যাহত থাকে, তার আর্জি হাতে আজ তিনি আপিল বিভাগের শুনানিতে অংশ নেন।

প্রসঙ্গত, আপিল বিভাগের বেঞ্চের অন্যতম বিচারপতি এম ওয়াহাব মিয়া আজ এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে উল্লেখ করেন, এই মামলার নিয়োগ-বাণিজ্য নিয়ে পত্রিকান্তরে প্রকাশিত খবর তাঁদের নজরে এসেছে।

আজকের শুনানিতে অংশগ্রহণকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুস সালাম মন্ডল আমাকে টেলিফোনে বলেন, অ্যাটর্নি জেনারেল যে দরখাস্ত করেছিলেন, আপিল বিভাগ তা খারিজ করে দিয়েছেন। আগামী তিন সপ্তাহের মধ্যে এই রিট নিষ্পত্তি করতে আদেশ দিয়েছেন। রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে অংশগ্রহণকারী আইনজীবী এম আমিন উদ্দীন ও জহিরুল ইসলাম মুকুল যথার্থই যুক্তি তুলে ধরেন যে, অক্টোবরের মধ্যে হাইকোর্টে রিট নিষ্পত্তি যখন হতে চলেছে, তখন এর মাঝখানে তর্কিত নিয়োগ-প্রক্রিয়া এগিয়ে নেওয়ার যুক্তি অচল।

আপিল বিভাগ আজ আরও একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন, বিচার বিভাগ যখন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর লোকবল চেয়ে সরকারের কাছে চিঠি লেখেন, তখন তাদের ‘আউট সোর্সিং’-এর পরামর্শ দেওয়া হয়। অথচ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জন্য একসঙ্গে পাঁচ হাজারের বেশি কর্মী স্থায়ীভাবে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। আপিল বিভাগ বলেছেন, এর ন্যায্যতা ও স্বচ্ছতার দিক হাইকোর্টই দেখবেন। এখানে আপিল বিভাগের হস্তক্ষেপ সমীচীন নয়। এখানে একটা বিষয় ফুটে ওঠে, অ্যাটর্নি জেনারেল কেন নিয়োগের স্বচ্ছতাবিষয়ক একটি অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে এতটা উতলা দেখাবেন। কোর্টের সুপ্রিতিষ্ঠিত রেওয়াজ মানলে এ ধরনের অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের শরণাপন্ন হওয়াকে কোনো স্বাভাবিক আইনি লড়াই বলা চলে না।

সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে বিভিন্ন পদে জনবল নিয়োগে বিজ্ঞাপন দেওয়া হয়। প্রার্থীরা আবেদনও জমা দেন। পরে দেখা যায়, নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কিছু নাম সুপারিশ করা হয়েছে। এ-সংক্রান্ত একটি তালিকা রিটে যুক্ত করা হয়। এটা সংবিধানের ২৯ অনুচ্ছেদের পরিপন্থী। এ ছাড়া, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগে অনিয়মের অভিযোগের ভিত্তিতে অন্য রিটটি করা হয়।

গত ২৪ সেপ্টেম্বর ‘প্রথম আলো’য় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সিভিল সার্জনের দপ্তর এবং এর অধীন দপ্তরগুলোতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে জনবল নিয়োগের জন্য ২০১২ সালের ২২ নভেম্বর একটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দেয় স্বাস্থ্য অধিদপ্তর। বিভিন্ন পদে ৯১৫ জনের বিপরীতে ওই বিজ্ঞাপন দেওয়া হয়। ২০১৩ সালের ২১ মার্চ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ২৫ ক্যাটাগরিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তর চার হাজার ২৯৪ জনের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এখন এসব নিয়োগ-প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। রিটে স্বাস্থ্যসচিব, জনপ্রশাসন-সচিব, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়।

মামলায় মন্ত্রীদের বাদ দিয়ে সচিবদের বিবাদী করার এই রেওয়াজে পরিবর্তন আনা উচিত। কারণ, এর আড়ালে মন্ত্রীদের মুখোশ ঢাকা পড়ে।     

মিজানুর রহমান খান: সাংবাদিক