'নিরস্ত্র' নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আটকের পর গতকাল থানা হাজতে নেওয়া হচ্ছে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় কমিটির সহসভাপতি দেলোয়ার হোসেনকে
আটকের পর গতকাল থানা হাজতে নেওয়া হচ্ছে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় কমিটির সহসভাপতি দেলোয়ার হোসেনকে

মামলায় কারও নাম ছিল না, ছিল না গ্রেপ্তারের তৎপরতাও। এরপর জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অস্ত্রধারীদের গ্রেপ্তারে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে। শুরু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের তৎপরতা। গতকাল বুধবার গ্রেপ্তার করা হয় ছাত্রলীগের এক নেতাকে। তবে তিনি গত রোববারের ঘটনায় অংশ নেওয়া ‘নিরস্ত্র’ নেতা। অস্ত্রধারীরা কেউ এখনো গ্রেপ্তার হননি।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া এই ছাত্রলীগ নেতার নাম দেলোয়ার হোসেন ওরফে ডিলুস। তিনি ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় কমিটির সহসভাপতি ও মাদার বক্স হল শাখার সাধারণ সম্পাদক। নৃবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র তিনি। নগরের ভেড়িপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বর্ধিত ফি প্রত্যাহার ও সন্ধ্যাকালীন মাস্টার্স কোর্স বন্ধের দাবিতে রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার সময় দোলোয়ার হোসেনকে অস্ত্রধারী ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান ওরফে ইমনের পাশে দেখা গেছে। তবে মামলার এজাহারে দেলোয়ারের নাম নেই।
পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, অপরাধী কাউকে ছাড় না দেওয়ার ব্যাপার প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের তা জানিয়ে দেওয়া হয়েছে। পুলিশের মহাপরিদর্শকও এ ব্যাপারে কড়া মনোভাবের কথা জানিয়েছেন। প্রথম আলোকে মহাপরিদর্শক বলেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না, তিনি যে দলের লোকই হোক না কেন।’ রাজশাহী মহানগর পুলিশের সূত্র জানায়, অস্ত্র প্রদর্শনকারীদের ধরতে গত মঙ্গলবার রাত থেকেই উল্লেখ করার মতো তৎপরতা শুরু হয়েছে। পুলিশের কাছে খবর আসে বাঘা ও লালপুর সীমান্ত এলাকার একটি বাড়িতে ছাত্রলীগের তিন অস্ত্রধারী অবস্থান করছেন। রাতেই সেখানে অভিযান চালায় পুলিশ। কিন্তু কাউকে পাওয়া যায়নি।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সমীর কুণ্ডু প্রথম আলোকে বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না। মামলাটি রাজশাহী মহানগর পুলিশ দেখভাল করছে।
মতিহার থানার পরিদর্শক (তদন্ত) শামসুন নূর প্রথম আলোকে বলেন, পুলিশ বাঘার একটি গ্রামে অভিযান চালিয়েছে। তবে সেখানে কাউকে না পাওয়া গেলেও বিকেলে মতিহার থানার পুলিশ নগরের ভেড়িপাড়া এলাকা থেকে দেলোয়ার হোসেনকে আটক করে। তাঁকে বিশ্ববিদ্যালয়ের করা হামলা, ভাঙচুর ও বিস্ফোরক আইনের দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। রিমান্ডের আবেদনসহ তাঁকে আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামী রোববার রিমান্ডের শুনানি হতে পারে।