'নিরাপত্তাজনিত' কারণে ঢাকায় এইডস নিয়ে সম্মেলন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় অনুষ্ঠেয় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এইডস-বিষয়ক বৃহত্তম সম্মেলন স্থগিত করা হয়েছে ‘নিরাপত্তাজনিত’ কারণে। ২০ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ইন্টারন্যাশনাল কংগ্রেস অন এইডস ইন এশিয়া অ্যান্ড প্যাসিফিকের (আইক্যাপ) ১২তম সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
গত বৃহস্পতিবার আইক্যাপের ওয়েবসাইটে জানানো হয়, ‘অনিবার্য কারণে’ আইক্যাপের ১২তম সম্মেলন স্থগিত করা হলো। সম্মেলনের পরবর্তী তারিখ জানানো হবে।
যোগাযোগ করা হলে আইক্যাপের জনসংযোগ শাখার একজন কর্মকর্তা বলেন, এবারের সম্মেলনে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্বাস্থ্য খাতের সঙ্গে সম্পৃক্ত দেড় হাজার প্রতিনিধির ঢাকায় আসার কথা ছিল। এর মধ্যে ছিলেন স্বাস্থ্যকর্মী, গবেষক, বিজ্ঞানী, নীতিনির্ধারক, দাতাগোষ্ঠীর প্রতিনিধি এবং এইডসে আক্রান্ত রোগী। তাঁদের জন্য হোটেল বুকিংসহ আনুষঙ্গিক প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। কিন্তু ‘নিরাপত্তাজনিত’ আশঙ্কা এবং আরও কিছু কারণে সম্মেলনটি স্থগিত করা হয়েছে।
‘এইডসমুক্ত প্রজন্মের জন্য পরিবর্তনের ডাক, এটা আমাদের স্বাস্থ্যের অধিকার’ এই স্লোগান সামনে রেখে ২০ থেকে ২৩ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আইক্যাপের ১২তম আন্তর্জাতিক সম্মেলন হওয়ার কথা ছিল। এ সম্মেলন সফলভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের ২৪টি দেশের ২৯ জন প্রতিনিধি নিয়ে গঠন করা হয়েছিল আইক্যাপ বাস্তবায়ন কমিটি। জাতিসংঘ ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রধানসহ ২৬টি দেশের ২৬ জন স্বাস্থ্যমন্ত্রীরও সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল।