‘নিরাপত্তার অভাবে’ কার্যালয়ে যাচ্ছেন না সিভিল সার্জন!
টাঙ্গাইলের সিভিল সার্জন আবদুল বাছিত ‘নিরাপত্তার অভাবে’ ১৮ দিন ধরে তাঁর কার্যালয়ে আসছেন না।সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি টাঙ্গাইল স্বাস্থ্য বিভাগে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদে ৮৮ জনকে নিয়োগ দেওয়া হয়। স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতা-কর্মী এই নিয়োগ বাতিল ও সিভিল সার্জনের অপসারণের দাবিতে আন্দোলন শুরু করেন। তাঁদের অভিযোগ, সিভিল সার্জন মোটা অঙ্কের টাকা নিয়ে প্রতিটি পদে নিয়োগ দিয়েছেন।৮ জুলাই ‘চাকুরি বঞ্চিত সর্বস্তরের মেধাবী ছাত্র সমাজের’ ব্যানারে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও করেন। তাঁরা সিভিল সার্জনকে অপসারণের জন্য ১৫ জুলাই পর্যন্ত সময় বেঁধে দেন। এর পর থেকে সিভিল সার্জন আবদুল বাছিত তাঁর কার্যালয়ে আসছেন না। এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বলেন, ‘নিয়োগে দুর্নীতি করায় সিভিল সার্জনের বিরুদ্ধে আন্দোলন করছি। তাঁকে প্রত্যাহার করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।’সিভিল সার্জন কার্যালয়ের একটি সূত্র জানায়, নিরাপত্তাহীনতার কারণেই সিভিল সার্জন তাঁর কার্যালয়ে আসছেন না। প্রয়োজন হলে কর্মচারীরা বাসায় গিয়ে তাঁর স্বাক্ষর নিয়ে আসছেন।গত দুই সপ্তাহে প্রতিটি কর্মদিবসে একাধিকবার কার্যালয়ে গিয়ে সিভিল সার্জনকে পাওয়া যায়নি। তবে কার্যালয় সূত্র জানায়, গত রোববার জরুরি প্রয়োজনে তিনি কার্যালয়ে এসে পাঁচ মিনিটের মতো অবস্থান করেই চলে যান।যোগাযোগ করা হলে নিয়োগে অনিয়মের অভিযোগ অস্বীকার করে সিভিল সার্জন বলেন, একটি মহলের পছন্দমতো লোক নিয়োগ না করায় এই আন্দোলন। তিনি বলেন, ‘নিরাপত্তাহীনতার কারণে কার্যালয়ে যাচ্ছি না। অন্য জায়গায় বদলি হওয়ার চেষ্টা করছি।’