'নির্বাচন কমিশন এইবার নেতাকেরোক সোজা কর্যা দিচে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নির্বাচনের আর মাত্র ১২ দিন বাকি, কিন্তু আগের মতো মাইকের চেঁচামেচি নাই। দেয়ালগুলোও ফকফকা। আর একটু পর পর মিছিলও নাই। নির্বাচন কমিশন এইবার নেতাকেরোক সোজা কর্যা দিচে।’ এবারের নির্বাচনী পরিবেশ সম্পর্কে গতকাল বৃহস্পতিবার কথাগুলো বলছিলেন বগুড়ার শিবগঞ্জ পৌরসভার বানাইল মহল্লার ভোটার আফজাল হোসেন।
শহরের অর্জুনপুর মহল্লার শেখ রাসেল বলেন, আগে নির্বাচনের সময় মিটিং, মিছিলের জ্বালায় রাস্তাঘাট দিয়ে চলাফেরা করা খুব কষ্ট হয়ে যেত। মাইকের আওয়াজে ছাত্রছাত্রীদের লেখাপড়া হতো চরম বিঘ্নিত। পোস্টার লাগিয়ে দেয়ালগুলোর বারোটা বাজানো হতো। কিন্তু এখন তাঁদের সেই কষ্ট আর করতে হচ্ছে না। দহিলা মহল্লার মেজবাউল হক বলেন, নির্বাচনের সেই চিরচেনা দৃশ্য এবার আর দেখা যাচ্ছে না। বিশেষ করে যখন-তখন মিছিল করার ব্যবস্থাটা বন্ধ করে খুব ভালো হয়েছে। নির্বাচন কমিশন নির্বাচনী আচরণবিধি তৈরি করে তা প্রয়োগে কঠোর হওয়ায় কাজের মতো একটা কাজ করেছে।
তবে বনতেঘরী মহল্লার বজলার রহমান বলেন ভিন্ন কথা। তিনি বলেন, কমিশন নির্বাচনটাকে এতটা টাইট না করলেই পারত। এবার মিছিল না থাকায় ভোটের উৎসবে অনেকটা ভাটা পড়েছে। তাঁর মতে, মিছিল বন্ধ করাটা ঠিক হয়নি।
নির্বাচন আইন বহুলাংশে কঠোরভাবে মেনে চলতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বাধ্য হওয়ায় ভোটার আফজাল হোসেন, শেখ রাসেল বা মেজবাউল হকের মতো বেশির ভাগ ভোটারই দারুণ খুশি। তবে বজলার রহমানের মতো কিছু ভোটার আবার ভোটের মিছিল বন্ধ হওয়াতে অখুশি।
আকন্দপাড়া মহল্লার তোফাজ্জল হোসেন বলেন, ‘মিছিলটা বন্ধ করে ভালো হয়েছে। আগে এই মিছিল করাকে কেন্দ্র করে হানাহানি মারামারি হচ্ছিল। এবার সেই মারামারি নেই।’
একই মহল্লার রাসেল হোসেন বলেন, ‘ভোট উৎসবের অন্যতম সৌন্দর্য হলো ভোট মিছিল। এবার সেই মিছিলটিই না থাকায় ভোট উৎসব অনেকটা ফ্যাকাশে হয়ে পড়েছে।’
এলাকার ডেকোরেটর ব্যবসায়ী হাবিব আকতার জানান, বিধিনিষেধের কারণে এলাকায় কোনো সভা-সমাবেশ না হওয়ায় ব্যবসা খুবই খারাপ যাচ্ছে। মাইকভাড়াও তেমন হয়নি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির হোসেন বলেন, নির্বাচন কমিশনের আইন অমান্য করার কোনো অভিযোগ এখনো তাঁরা পাননি। সব প্রার্থীকে নিয়ে নির্বাচনী আচরণবিধি ভালোভাবে বোঝানো হয়েছে। প্রার্থী ও তাঁদের সমর্থকেরা আইন মেনে তাঁদের কার্যক্রম চালাচ্ছেন। এ কারণে এবার জনগণের ভোগান্তি কমেছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানায়, নির্বাচনে মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে ২৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।