'নির্বাচন করার জন্য মনে হচ্ছে ট্যাংক আনা লাগবে'
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গ, বিহারসহ বিভিন্ন জায়গায় নির্বাচনে প্রচুর সহিংসতা হয়েছে। নির্বাচনে সহিংসতা যেন উপমহাদেশের সংস্কৃতি। বিদেশে নির্বাচন কেন্দ্র দেখিয়ে দেওয়ার জন্য একজন হয়তো ট্রাফিক পুলিশ আছে। কিন্তু আর্মস (অস্ত্রধারী) পুলিশ ব্যাটালিয়ন থাকে না। নির্বাচন করার জন্য এখন মনে হচ্ছে ট্যাংক আনা লাগবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সভার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, রাতে ভোটকেন্দ্র দখলের মতো বিশ্রী ব্যাপার কমে এসেছে। পঞ্চম ধাপের নির্বাচনের আগের রাতে কিংবা নির্বাচনের দিন ভোটকেন্দ্র দখলের মতো ঘটনা যাতে না ঘটতে পারে, সে ব্যাপারে নির্বাচন কমিশন দৃঢ় পদক্ষেপ নেবে।
স্থানীয় নির্বাচনে অতীতেও প্রচুর সংঘাত হয়েছে জানিয়ে সিইসি বলেন, আসলে পরিসংখ্যান দিয়ে এসব পরিমাপ করা যায় না। স্থানীয় নির্বাচনগুলোতে এক ভোট এদিক-ওদিক হলে লোকে আরেকজনের মাথায় বাড়ি মারতে চায়। দেশে অসহিষ্ণুতা এখন বেশ মাথাচাড়া দিয়ে উঠেছে। কেউ কারও কথা শুনতে চায় না। তিনি বলেন, ‘আমরা নিজেরাই সবচেয়ে বেশি জানি এবং আমারটাই শেষ কথা। আমি সব চাইতে উপযুক্ত প্রার্থী। আমাকে তো লোকে ভোট দেবে। ভোটার কাকে ভোট দিল আমি কিন্তু সেটা কেয়ার করছি না। আমি হচ্ছি বিজয়ী। আমি যদি না জিতি খারাপ হয়ে যাবে। তাহলে আমি লাঠি নিয়ে আসছি।’
প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেন, অবশ্যই বেশ কিছু কেন্দ্রে বিশৃঙ্খলা, বেআইনি কাজ ঘটেছে। এই দু-চারটি বিচ্ছিন্ন ঘটনা বারবার দেখানোর ফলে সবার মনে ধারণা হয় সব জায়গাতেই খারাপ নির্বাচন হচ্ছে।
সভায় নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম, চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার, জেলা পুলিশ সুপার হাফিজ আক্তার, র্যা ব, বিজিবি এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ছাড়াও সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) আলোচনায় অংশ নেন।