‘নির্বাচন দিয়ে গণতন্ত্র আসবে না সে জন্য প্রয়োজন প্রতিষ্ঠান’
বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের কাছে নাজিম কামরান চৌধুরী জানতে চেয়েছিলেন, দ্রুত নির্বাচনের জন্য মার্কিন সরকার কেন এত তাগাদা দিচ্ছে। তাঁর মতে, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র আসবে না। গণতন্ত্রের জন্য প্রয়োজন প্রতিষ্ঠান।উইকিলিকসের ফাঁস করা মার্কিন দূতাবাসের কূটনৈতিক তারবার্তায় এ কথা বলা হয়েছে। দেশের বিজ্ঞাপনশিল্পের অন্যতম শীর্ষ নির্বাহী নাজিম কামরান চৌধুরীকে তত্ত্বাবধায়ক সরকারের ঘনিষ্ঠ বলে উল্লেখ করা হয় তারবার্তায়।তারবার্তায় উল্লেখ করা হয়, নাজিম কামরান চৌধুরী দেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডকমের প্রেসিডেন্ট এবং ওই সময়কার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরীর স্বামী। এ ছাড়া তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের আত্মীয়। নাজিম কামরান সিলেট থেকে বিএনপির সাংসদও নির্বাচিত হয়েছিলেন।তারবার্তায় উল্লেখ করা হয়, ২০০৭ সালের ২০ জুন নাজিম কামরান চৌধুরীর সঙ্গে বৈঠক করেন ঢাকার মার্কিন দূতাবাসের দুজন কর্মকর্তা। ১ জুলাই এ নিয়ে ওয়াশিংটনে তারবার্তা পাঠান দূতাবাসের তৎকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স গীতা পাসি।দূতাবাসের তারবার্তায় বলা হয়, নাজিম কামরান মন্তব্য করেন, এক-এগারোর আগে দেশে গণতন্ত্র ছিল নামকাওয়াস্তে। রাজনৈতিক ব্যবস্থায় বিকৃতি ও অনিয়ন্ত্রিত দুর্নীতির কারণে স্থানীয় পর্যায়ে শূন্যতা সৃষ্টি হয়েছে। এই অবস্থায় মৌলবাদীরা সুযোগ খুঁজছে। মার্কিন কর্মকর্তাদের নাজিম কামরান বলেন, প্রকৃত গণতন্ত্রের জন্য নিচের পর্যায় থেকেই সংগঠনকে জোরদার করা, শূন্যতা পূরণ এবং মৌলবাদের বিস্তার রোধ করতে হবে। তাঁর মতে, নির্বাচন দিলেই এসব সমস্যার সমাধান হয়ে যাবে না। নাজিম কামরান জানান, জুলাই নাগাদ সরকার একটি রোডম্যাপ ঘোষণা করতে পারে। সে অনুযায়ী প্রথমে অনুষ্ঠিত হবে স্থানীয় নির্বাচন এবং ২০০৮ সালের ডিসেম্বর নাগাদ হবে জাতীয় নির্বাচন।নাজিম কামরান এ সময় আরও বলেন, প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ একজন লাজুক মানুষ। তবে তিনি একজন সহজাত ব্যবস্থাপক। কোনো ধরনের রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে জড়িত হতে তাঁর অনীহা ও জনসমক্ষে না আসতে চাওয়া একটি শূন্যস্থান সৃষ্টি করেছে। সেনাবাহিনী ও কিছু উপদেষ্টাসহ বিভিন্ন পক্ষ এ শূন্যস্থান দখলের চেষ্টা করেছে।নাজিম কামরানের মতে, কোনো সুনির্দিষ্ট দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে ফখরুদ্দীন আহমদের ওপর চাপ নেই। চাইলে নিজের তৎপরতা বাড়ানোর সুযোগ তাঁর আছে। তিনি বলেন, ‘সেনাবাহিনী শুধু শূন্যতা পূরণ করছে, তাঁকে বাক্সে ভরে ফেলছে না।’দূতাবাসের তারবার্তায় বলা হয়, নাজিম কামরান এবং অন্য অনানুষ্ঠানিক উপদেষ্টারা ফখরুদ্দীনকে চাপ দিচ্ছেন উপদেষ্টা পরিষদে আরও বেশি করে রাজনৈতিক বিষয় নিয়ে আসতে। জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক জোরদার এবং তাদের কাছে যাওয়ার জন্য তাঁকে উৎসাহিত করা হচ্ছে।১ এপ্রিলের ভাষণের জন্য সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদকে যথেষ্ট তিরস্কার করা হয়েছে বলেই মনে করেন নাজিম কামরান। জেনারেল মইনের ১ এপ্রিলের ওই ভাষণকে অনেকে রাজনীতির মাঠে নামার ইঙ্গিত হিসেবেই মনে করেছিলেন।নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সেনাবাহিনী একটি ‘কিংস পার্টি’ গঠনের চেষ্টা করছে—এমন খবরের প্রতি ইঙ্গিত করে নাজিম কামরান বলেন, ভবিষ্যৎ রাজনীতিতে আগ্রহী ছিল এমন কিছু ব্যক্তি পিছু হটেছেন। এ ছাড়া সেনা-সমর্থিত বিকল্প একটি সরকারের উদ্যোগ থেকে বেশির ভাগ লোকই পিছিয়ে গেছেন। তিনি দাবি করেন, সেনাবাহিনীর অনেকে এখন প্রস্থানের কৌশল হিসেবে দুই প্রধান দলের সংস্কারপন্থীদের সঙ্গে সমঝোতার পক্ষপাতী। এ সমঝোতার আওতায় সংস্কারপন্থীরা তাঁদের দলীয় প্রধানদের বহিষ্কার করবেন এবং সেনাবাহিনীকে এক ধরনের দায়মুক্তির নিশ্চয়তা দেবেন। এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে নাজিম কামরান চৌধুরী প্রথম আলোকে বলেন, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ওই সময় তাঁর কথা হয়েছিল এবং তিনি তখনকার পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এ ধরনের কথা বলেছিলেন।