‘নির্বাচন দিয়ে জাতিকে মুক্তি দিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার যতই খেলুক না কেন, কোনো লাভ হবে না। ক্ষমতা থেকে বর্তমান সরকারকে বিদায় নিতেই হবে। তা না হলে জনগণ সরকারকে টেনে-হিঁচড়ে ক্ষমতা থেকে নামাবে। তাই সময় থাকতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে জাতিকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল মঙ্গলবার বিকেলে হরতাল চলাকালে নগর বিএনপির কার্যালয়সংলগ্ন নূর আহম্মদ চৌধুরী সড়কে ১৮-দলীয় জোটের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে জামায়াত নেতা শামসুল ইসলাম বলেন, গণহত্যার নায়ক শেখ হাসিনাকে দেশের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। পাখির মতো গুলি করে মানুষ মারবেন, বিরোধীদলীয় নেত্রীর কার্যালয়ে গুলি করবেন আর ক্ষমতায় বসে থাকবেন, তা হবে না। চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে। কোনো শক্তিই আপনার পতন ঠেকাতে পারবে না। নগর বিএনপির সহসভাপতি সামশুল আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা এ এম নাজিম উদ্দিন ও মাহবুবুর রহমান, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত্ হোসেন, সহসভাপতি আবু সুফিয়ান প্রমুখ।