'নির্বাচন সুষ্ঠু হতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় গতকাল বৃহস্পতিবার সকালে ছিল ফাঁকা। দুপুর থেকে মনোনয়নপত্র জমা দিতে প্রার্থীদের ভিড় বাড়ে। সঙ্গে ছিলেন সমর্থক ও দলীয় নেতা-কর্মী। প্রার্থী ও ভোটারদের আশা, নির্বাচন সুষ্ঠু হতে হবে।

সরেজমিনে দেখা গেছে, গতকাল সকাল থেকে পৌর এলাকায় আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের বিচরণ বেশি ছিল। বিএনপির প্রার্থী হেলাল উদ্দিন শাহ গতকাল বেলা সোয়া তিনটায় মনোনয়নপত্র জমা দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান।

মনোনয়নপত্র দাখিল করে হেলাল উদ্দিন শাহ বলেন, ‘এলাকার ছেলে হিসেবে সবার সঙ্গে আমার সুসম্পর্ক আছে। আমি বর্তমানে ওয়ার্ড কাউন্সিলরও। তবে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই।’ এলাকায় পরিবেশ এখন কেমন, জানতে চাইলে হেলাল উদ্দিন বলেন, ‘পরিস্থিতি এখনো ভালো আছে। তবে প্রচারণা শুরু হলে বোঝা যাবে সুষ্ঠু নির্বাচন হচ্ছে কি না।’

রাঙ্গুনিয়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র নুরুল আমিনও গতকাল মনোনয়নপত্র দাখিল করেছেন। ২০০২ সালে তিনি পৌর চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। জানতে চাইলে সাবেক মেয়র নুরুল আমিন প্রথম আলোকে বলেন, ‘তাড়াহুড়া করে দল প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তবে মনোনয়নপত্র দাখিল করলেও দলের সিদ্ধান্তের বাইরে আমরা যাব না। কারণ, আমাদের প্রার্থী হেলালের মনোনয়ন বাতিল করে দিলে বিকল্প প্রার্থীকে দল সমর্থন দেবে। আমি ছাড়া বিএনপির সমর্থক মফিজ তালুকদারও মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।’

নুরুল আমিন আরও বলেন, ‘সুষ্ঠু পৌর নির্বাচন নিয়ে অনেকের শঙ্কা আছে। সরকার সুষ্ঠু নির্বাচন করে সেই শঙ্কা দূর করবে বলে আশা করছি।’

এদিকে সুষ্ঠু নির্বাচনের জোর দাবি জানিয়েছেন উত্তর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।

মনোনয়নপত্র দাখিলের আগে তিনি প্রথম আলোকে বলেন, ‘২০০২ সালে কঠিন সময়ে আমি রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলাম। ওই সময় দুটি কেন্দ্রে ব্যাপক জাল ভোট দিয়ে বিএনপি আমার বিজয় ঠেকিয়ে দিয়েছিল। অথচ এখন দল ক্ষমতায়। আমাকে মনোনয়ন দেওয়া হয়নি। তাই স্বতন্ত্র প্রার্থী হচ্ছি। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা আমাদের একমাত্র দাবি।’

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা নেই বলে জানালেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও উত্তর জেলার আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শাহজাহান সিকদার। বিদ্রোহী প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন, ‘দল আমাকে মনোনয়ন দিয়েছে। কামরুল দলীয় স্বার্থ বিবেচনা করে প্রার্থিতা প্রত্যাহার করবেন বলে আশা করছি। দলের বাইরে গিয়ে ভালো কিছু আশা করা যায় না।’

এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোট সুষ্ঠু হলে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হবে। কথা হয় রাঙ্গুনিয়ার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিদ্দিক আহমদের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা নৌকা বা ধানের শীষ বুঝি না। ভালো প্রার্থীকে ভোট দেব। তবে কেন্দ্রে ভোট দেওয়ার সুযোগ চাই।’

 রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালীর দরজি মনজুরুল বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা আছে। প্রচারণা শুরু হলে বোঝা যাবে ভোটাররা কেন্দ্রে যেতে পারবেন কি না।

গৃহিণী প্রার্থী: ইয়াসমিন আক্তার গৃহিণী। তাঁর স্বামী সৌদিপ্রবাসী। মেয়ে বিয়ে দিয়েছেন। ছোট ছেলে স্কুলে পড়ে। ভাইয়ের উৎসাহে তিনি এবার প্রার্থী হয়েছেন। তিনি বলেন, ‘জিততে পারলে এলাকাবাসীর সেবা করব। কারণ, আমার ছোট সংসারে কোনো ঝক্কিঝামেলা নেই। এলাকার মানুষ নিয়ে সময় পার করতে চাই, তাদের পাশে দাঁড়াতে চাই।’

রাউজানে বিদ্রোহী প্রার্থী: রাউজানে আওয়ামী লীগের প্রার্থী দেবাশীষ পালিত এবং বিএনপির কাজী আবদুল্লাহ আল হাছান মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ারুল ইসলাম এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরীর ছেলে সাইফুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া স্বপন দাশগুপ্ত নামের একজন ব্যবসায়ী সেখানে স্বতন্ত্রভাবে লড়তে মনোনয়নপত্র দাখিল করেছেন। বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী রাউজানে নেই।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা কূলপ্রদীপ চাকমা জানান, পৌরসভায় মেয়র পদে ছয়জন, সাধারণ কাউন্সিলর ১৩ এবং সংরক্ষিত পদে পাঁচজন প্রার্থী হয়েছেন।

সন্দ্বীপ: উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আলম জানান, এবারের পৌর নির্বাচনে আওয়ামী লীগের বর্তমান মেয়র জাফরুল্লাহ টিটু ও বিএনপির আজমত আলী বাহাদুর প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সাধারণ ওয়ার্ডে ৩৩ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে সাতজন প্রার্থী হয়েছেন।

বাঁশখালী: উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুজ্জামান জানান, পৌরসভায় আওয়ামী লীগের সেলিমুল হক চৌধুরী, বিএনপির মো. কামরুল ইসলাম হোসাইন ও জাতীয় পার্টির ইব্রাহিম আল হোসাইন মেয়র প্রার্থী হয়েছেন। এ ছাড়া সাধারণ ওয়ার্ডে ৪০ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে ১১ জন প্রার্থী হয়েছেন।

মিরসরাই: মেয়র পদে পাঁচ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া সাধারণ ওয়ার্ডে ৩৭ ও সংরক্ষিত ওয়ার্ডে ১২ জন প্রার্থী হয়েছেন। একইভাবে বারৈয়ারহাটে আওয়ামী লীগ ও বিএনপির একজন করে এবং স্বতন্ত্র আরও দুজন মেয়র প্রার্থী হয়েছেন। ওই পৌরসভায় সাধারণ ওয়ার্ডে ৪৪ ও সংরক্ষিত ওয়ার্ডে ১১ জন প্রার্থী হয়েছেন।