'নির্বাচনকেন্দ্রিক সংকট উত্তরণে কার্যকর উদ্যোগ নিন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জেদ’ ও ‘একগুঁয়েমি’ পরিহার করে নির্বাচনকেন্দ্রিক সংকট উত্তরণে অবিলম্বে কার্যকর রাজনৈতিক উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বামপন্থী রাজনীতিকেরা। তাঁরা সতর্ক করে দিয়ে বলেছেন, এ সংকট উত্তরণে রাজনীতিকেরা দূরদর্শিতার পরিচয় দিতে না পারলে এবার হয়তো প্রায়শ্চিত্ত করারও সুযোগ পাওয়া যাবে না।

গতকাল শুক্রবার বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নবম পুনর্গঠন বার্ষিকীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘ক্রান্তিকালে বাংলাদেশ—গণবিকল্পের সন্ধানে’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে বাম নেতারা এ হুঁশিয়ারি জানান।

সভায় বর্তমান শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে মহাজোট ও জোটের বাইরে বাম প্রগতিশীল, গণতান্ত্রিক ও সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক শক্তির বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা মনজুরুল আহসান খান, গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতা শুভ্রাংশু চক্রবর্তী, বাম মোর্চার আবদুস সাত্তার, আবদুস সালাম, হামিদুল হক, প্রকৌশলী ম. ইনামুল হক, নয়া গণতান্ত্রিক বাম মোর্চার আহ্বায়ক মাসুদ খান, লেখক নুর মোহাম্মদ, সলিমুল্লাহ খান প্রমুখ।